বিদেশিহীন মহমেডানকে পাঁচ গোলে হারিয়েছিল মোহনবাগান। শুক্রবার আইএসএলে তাদের প্রতিপক্ষ যারা, সেই ওড়িশা এফসি দলে কেবল একজনই বিদেশি আছেন। তারা আইএসএল খেলবে কি না সেটাই একসময় ঠিক ছিল না। প্রস্তুতি শুরু করেছে অনেক দেরি করে। সেই দলকেও গুরুত্ব দিচ্ছেন মোহনবাগানের কোচ সের্জিয়ো লোবেরা। তাঁর মতে, ওড়িশা বেগ দেওয়ার ক্ষমতা রাখে মোহনবাগানকে। পুরনো দলের বিরুদ্ধে কোনও রকম আবেগ দেখাতে চান না তিনি।
ওড়িশা ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে করার নির্দেশ দিলেও শেষ পর্যন্ত ফেডারেশন সিদ্ধান্ত বদলে জানিয়েছে, ৭০ শতাংশ দর্শক নিয়ে ম্যাচ আয়োজন করা যাবে। সেই ম্যাচের জন্য বিনামূল্যে টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কর্ণধার সঞ্জীব গোয়েন্কা।
ওড়িশার একমাত্র বিদেশি ফুটবলার কার্লোস দেলগাদো। বাকিরা লোনে এ দিক-ও দিক চলে গিয়েছেন। সেই দলের সম্পর্কে লোবেরা বলেছেন, “কোনও দলে ভারতীয় ফুটবলারদের সঙ্গে ভাল মানের বিদেশি থাকলে সেই দলের শক্তি বেশি থাকে। তবে কোনও দল বিদেশি কম বলে সে দুর্বল, সেটা ভাবলে চলবে না। ওড়িশায় ভাল মানের ফুটবলের রয়েছে। আমি কোচ থাকায় সময় দেখেছি, তারা বিদেশিদের সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে। সেভিয়ার গামা, ইসাক ভানলালরুয়াতফেলা, রাহুল কেপি, রহিমন আলিরা রয়েছে। তাই আমাদের লড়াই মোটেই সহজ নয়।”
গত বছর ওড়িশাতেই কোচিং করিয়েছেন লোবেরা। ফলে সেই দল তাঁর হাতের তালুর মতো চেনা। সেই প্রসঙ্গে লোবেরা বলেছেন, “গত দুটো মরসুম ওড়িশার কোচ হিসাবে ভাল সময় কাটিয়েছি। অনেক ভাল মুহূর্তের সাক্ষী থেকেছি। নিঃসন্দেহে এই ম্যাচটা আমার কাছে বিশেষ অনুভূতির। তবে এখন আর ওদের কোচ নেই। পুরোদস্তুর মোহনবাগানের জায়িত্বে। তাই পেশাদার কোচ হিসাবে সব রকম আবেগ সরিয়ে রেখে খেলতে নামব।”
মহমেডান ম্যাচে পায়ে চোট পাওয়ায় পুরো প্রথমার্ধও খেলতে পারেননি ব্রাজিলীয় রবসন রোবিনহো। পরে বলেছিলেন, পেশিতে টান ধরেছে এবং ব্যথা রয়েছে। ওড়িশার বিরুদ্ধে রবসনের খেলা নিয়ে কোনও নিশ্চয়তা দিতে পারলেন না লোবেরা। বলেছেন, “এখনও হাতে দু’দিন সময় রয়েছে। আমরা চিকিৎসক, ফিজিয়োর সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব রবসন কতটা ফিট। তার পর ম্যাচের আগে ওকে নিয়ে সিদ্ধান্ত নেব।”
আরও পড়ুন:
এ দিকে, চলতি মরসুমে নিয়মিত সুযোগ পাচ্ছেন না টম অলড্রেড। রক্ষণের মাঝে আলবের্তো রদ্রিগেসের সঙ্গে খেলছেন মেহতাব সিংহ। তিনি কি হতাশ? অলড্রেড বলেছেন, “প্রথম একাদশে সকলেই খেলতে চায়। তবে এটাও বুঝতে হবে, সব কোচের আলাদা আলাদা ভাবনা থাকে। লোবেরারও আছে। প্রতিপক্ষ এবং পরিস্থিতি দেখে তবেই উনি দল বেছে নেন। আমি চাই মাঠে নামলে ভাল খেলতে।”