Advertisement
E-Paper

‘ওদের খেলতেই দিইনি!’ বিশ্বকাপে কোনও দিন টাইব্রেকারে না হারা জার্মানিকে টাইব্রেকারেই হারিয়ে বললেন প্যারাগুয়ের কোচ

শক্তিশালী জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে প্যারাগুয়ে। ম্যাচ জিতে প্যারাগুয়ের কোচ জানালেন, জার্মানিকে খেলতেই দেননি তাঁরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ১৪:৩০
football

জার্মানিকে হারিয়ে প্যারাগুয়ের ফুটবলারদের উল্লাস। ছবি: রয়টার্স।

চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছে প্যারাগুয়ে। চার বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছেছে তারা। যে জার্মানি এর আগে বিশ্বকাপে কোনও দিন টাইব্রেকারে হারেনি তাদের টাইব্রেকারেই হারিয়েছে প্যারাগুয়ে। খেলা শেষে প্যারাগুয়ের কোচ গুস্তাভো আলফারো জানালেন, জার্মানিকে খেলতেই দেননি তাঁরা।

খেলা শেষে গুস্তাভো জানিয়েছেন, শক্তিশালী জার্মানির বিরুদ্ধে যে পরিকল্পনা তিনি করেছিলেন, তা মাঠে বাস্তবে করে দেখিয়েছেন ফুটবলারেরা। গুস্তাভো বলেন, “ফুটবলারেরা ভাল করে বুঝে গিয়েছিল, মাঠে নেমে কী করতে হবে। ওরা সেটাই করেছে। জার্মানিকে জায়গা দিইনি আমরা। ওদের স্বাভাবিক খেলা খেলতেই দিইনি।”

জার্মানির মতো একটা দলের বিরুদ্ধে নিজেদের নিংড়ে দিয়েছেন ফুটবলারেরা। দলকে নিয়ে গর্বিত কোচ গুস্তাভো বলেন, “পুরো ম্যাচ জুড়ে চাপে ছিলাম। শুরু থেকে আমরা জানতাম ওদের আটকানো কঠিন হবে। এমন একটা দলের বিরুদ্ধে নেমেছিলাম, যারা চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। ওদের বিরুদ্ধে সকলে নিজের ১০০ শতাংশ দিয়েছে। এই রকম একটা দলের কোচ হতে পেরে আমি গর্বিত।”

ম্যাসাচুসেটসের গরমে টানা ১২০ মিনিট খেলার ধকল সহজ ছিল না। সেটাই তাঁর দল করে দেখিয়েছে। এক বারের জন্যও হাল ছাড়েনি তারা। এই মনোভাবই তাদের জিতিয়েছে বলে মনে করেন গুস্তাভো। তিনি বলেন, “আমাদের অনেক দুর্বলতা আছে। কিন্তু তার মধ্যেও নিজেদের সেরাটা দিয়েছি। খুব গরম ছিল। এত গরমে ১২০ মিনিট খেলা সহজ নয়। তবু আমরা হাল ছাড়িনি।”

টাইব্রেকারেও দেখা গিয়েছে নাটক। দু’দলই শুরুর পাঁচটি পেনাল্টিতে দু’টি করে ফস্কেছেন। কিন্তু সাডেন ডেথে জার্মানিকে হারিয়েছে প্যারাগুয়ে। কষ্ট না করলে এই জয় আসত না বলেই মনে করেন গুস্তাভো। তিনি বলেন, “দেখে মনে হচ্ছিল, কষ্ট না করলে জিততে পারব না। কী নাটক হল। ষষ্ঠ পেনাল্টিতে গিয়ে জিতলাম।”

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

জার্মানিকে হারালেও সামনে কঠিন লড়াই। ফ্রান্স ও সুইডেন ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে শেষ ষোলোয় খেলতে নামবে প্যারাগুয়ে। আরও একটি কঠিন ম্যাচ। তবে জার্মানিকে হারিয়ে যে আত্মবিশ্বাস তাঁরা পেয়েছেন তা আগামী ম্যাচে কাজে লাগাতে চাইবেন গুস্তাভো। সেই পরিকল্পনাই শুরু করে দিয়েছেন তিনি।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
সর্বশেষ
২ ঘণ্টা আগে
Germany Football Team Paraguay

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy