E-Paper

মাঠ নিয়ে জেমির তোপ, মিগুয়েলের শাস্তি কমানোর আর্জি ইস্টবেঙ্গলের

ম্যাচের পরেই মিক্সড জ়োনে ক্ষুব্ধ মোহনবাগান সুপার জায়ান্ট তারকা জেমি ম্যাকলারেন বলেছেন, ‘‘মাঠের অবস্থা ভয়াবহ হয়ে উঠেছিল। বল গড়াচ্ছিল না। ফুটবল খেলার যোগ্যই ছিল না মাঠ।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ০৮:৩০

ছবি: সংগৃহীত।

গুয়াহাটিতে প্রবল বৃষ্টিতে রবিবার ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামের মাঠে কর্নার ফ্ল্যাগের সামনের জমা জলে ফুটবলারদের গোড়ালি ডুবে যাচ্ছিল। বল ঠিক মতো গড়াচ্ছিলই না। তবুও রেফারি ক্রিস্টাল জন খেলা থামাননি। মাঠের জন্যই মারাত্মক চোট পান নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র অঙ্কিত পদ্মনাভন। তাঁর কাঁধের হাড় সরে যায়। মাঠ থেকেই তাঁকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অঙ্কিতের মতো হাল হতে পারত আরও অনেকেরই।

ম্যাচের পরেই মিক্সড জ়োনে ক্ষুব্ধ মোহনবাগান সুপার জায়ান্ট তারকা জেমি ম্যাকলারেন বলেছেন, ‘‘মাঠের অবস্থা ভয়াবহ হয়ে উঠেছিল। বল গড়াচ্ছিল না। ফুটবল খেলার যোগ্যই ছিল না মাঠ।’’

নর্থ ইস্ট শিবিরেও ক্ষোভ তুঙ্গে। গুয়াহাটি থেকে ফোনে দলের এক সদস্য বললেন, ‘‘রবিবার পুরো গুয়াহাটি শহর জলমগ্ন হয়ে পড়েছিল। যে অ্যাম্বুল্যান্সে অঙ্কিতকে নিয়ে যাওয়া হচ্ছিল, তা হাসপাতাল পর্যন্ত পৌঁছতেই পারেনি। বিপজ্জনক ভাবে এক হাঁটু জলের মধ্যে দিয়ে স্ট্রেচারে করে ওকে নিয়ে যাওয়া হয়। যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।’’ যোগ করলেন, ‘‘ভাগ্য ভাল আর কোনও ফুটবলার চোট পায়নি।’’ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে কি রেফারির বিরুদ্ধে অভিযোগ জানাবেন? নর্থ ইস্ট টিম ম্যানেজমেন্টের সদস্য বললেন, ‘‘এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ক্লাবের শীর্ষ কর্তারা।’’

গুয়াহাটির মাঠ নিয়ে বিতর্কের মধ্যে ইস্টবেঙ্গলের আইনজীবীরা মিগুয়েল ফিগুয়েরার শো-কজ়ের জবাব দিলেন। গত বৃহস্পতিবার আশিক কুরুনিয়নের সঙ্গে বল দখলের লড়াইয়ে বচসায় জড়ান মিগুয়েল। মাঝে বেঙ্গালুরু এফসির সহকারী কোচ এসে মিগুয়েলকে ‘সমকামী’ বলেন। তাতেই ক্ষুব্ধ হয়ে তাঁর গলা চেপেধরেন মিগুয়েল। ইস্টবেঙ্গলের তরফে সেই ঘটনার ভিডিয়ো ফুটেজও পাঠানো হয়েছে ফেডারেশনে। দাবি করা হয়েছে, মিগুয়েল নন, আশিক প্রথম হাত চালান। তাই লাল কার্ড যেন হলুদ কার্ডে বদলে দেওয়া হয়। সমস্যা হচ্ছে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার সময় বেঙ্গালুরুর রিজ়ার্ভ বেঞ্চ লক্ষ্য করে বল মারেন ব্রাজিল তারকা। এই কারণেই তাঁকে তিন ম্যাচের জন্য নির্বাসিত করার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। ইস্টবেঙ্গলের পরের খেলা ওড়িশা এফসি-র বিরুদ্ধে আগামী ২৮ এপ্রিল। বিধানসভা নির্বাচনের জন্য এই ম্যাচ স্থানান্তরিত হয়েছে গোয়ায়। এর পরে ৫ মে মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হবে মশালবাহিনী। ১১ মে লড়াই পঞ্জাব এফসি-র বিরুদ্ধে। এই তিনটি ম্যাচই গুরুত্বপূর্ণ। এই কারণেই ইস্টবেঙ্গল মরিয়া মিগুয়েলের শাস্তি কমাতে। এ দিকে সোমবার আইএসএলে ইন্টারকাশীকে ৩-০ হারাল পঞ্জাব এফসি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

ISL 2026 indian super league Heavy Rain Mohun Bagan NorthEast United

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy