প্রথমে টিউনিশিয়া। তার পর স্কটল্যান্ড। এ বার দক্ষিণ কোরিয়া। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় চাকরি গেল আরও এক দেশের কোচের। দক্ষিণ কোরিয়ার হার মেনে নিতে পারছেন না দেশের প্রেসিডেন্ট। ক্ষুব্ধ তিনি। হারের দায় নিয়ে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার কোচ হং মিয়াং বো।
সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করেছেন হং। তিনি বলেছেন, “যাঁরা কোরিয়ার ফুটবল ভালবাসেন ও দেশকে সমর্থন করেন, তাঁদের প্রত্যেকের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি দক্ষিণ কোরিয়ার ফুটবল দলের কোচের পদ থেকে ইস্তফা দিচ্ছি। এই দায়িত্ব নেওয়া সহজ ছিল না। আমি চেষ্টা করেছি। নিজের উপর বিশ্বাস ছিল। দলের উপর বিশ্বাস ছিল। কিন্তু সকলের যা প্রত্যাশা ছিল তা পূরণ করতে পারিনি। এই খারাপ ফলের দায় আমার।”
জুরগেন ক্লিন্সম্যান দায়িত্ব ছাড়ার পর ২০২৪ সালের জুলাই মাসে কোচ করা হয় হংকে। তাঁর কোচিংয়েই টানা ১১ বার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে এশিয়ার এই দেশ। প্রথম ম্যাচে চেকিয়াকে হারালেও মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় দক্ষিণ কোরিয়াকে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার কাছে তাদের হার সকলকে অবাক করেছিল।
আরও পড়ুন:
দলের এই হারে ক্ষুব্ধ দেশের প্রেসিডেন্ট লি জায়ে মিয়াং। তিনি সমালোচনা করেছেন দেশের ফুটবল প্রশাসনের। লি বলেছেন, “আমি এই ফলাফলে অবাক হয়েছি। আরও এক বার প্রমাণিত যে ভুল সিদ্ধান্ত কতটা ক্ষতি করতে পারে। যদি কোনও অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়, তা হলে এই ফলাফলই হবে।” দেশের ক্রীড়ামন্ত্রককে তিনি নির্দেশ দিয়েছেন, বিশ্বকাপে কেন এত খারাপ ফল হল তা খতিয়ে দেখতে হবে। দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
বিশ্বকাপের গ্রুপ পর্বে খারাপ খেলায় প্রতিযোগিতা চলাকালীনই সাবরি লামৌচিকে কোচের পদ থেকে সরিয়ে দিয়েছিল টিউনিশিয়া। তার পরেও তাদের উন্নতি খুব একটা হয়নি। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে তারা। স্টিভ ক্লার্ককে কোচের পদ থেকে সরিয়ে দিয়েছে স্কটল্যান্ড। সেই তালিকায় যুক্ত হল দক্ষিণ কোরিয়ার কোচের নাম।