Advertisement
E-Paper

জেলবন্দি ‘বাঘ’! হাজতবাস টাইগার উডসের, নেশা করে গাড়ি চালানো, তদন্তে অসহযোগিতার অভিযোগ গল্‌ফারের বিরুদ্ধে

একটি ট্রেলারকে অতিক্রম করে ড্রাইভওয়েতে ঢোকার চেষ্টা করছিলেন টাইগার উডস। তাঁর সামনের গাড়িটি নিয়ম অনুযায়ী ড্রাইভওয়েতে ঢোকার সময় গতি কমালেও উডস তা করেননি। তাতেই ঘটে দুর্ঘটনা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১১:২৮
Picture of Tiger Woods

টাইগার উডস। ছবি: এক্স।

নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানোর অভিযোগে গ্রেফতার টাইগার উডস। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা গল্‌ফারকে গ্রেফতার করেছে ফ্লরিডা পুলিশ। শুধু তা-ই নয়, তদন্তে অসহযোগিতার অভিযোগে জেলে পাঠানো হয়েছে তাঁকে।

ঘটনাটি শুক্রবার বিকালের। পুলিশ জানিয়েছে, জুপিটার আইল্যান্ডস এলাকায় রেঞ্জ রোভার গাড়ির অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ করতে পারেননি উডস। তাঁর গাড়িটি উল্টে যায়। একটি ট্রেলারকে অতিক্রম করে ড্রাইভওয়েতে ঢোকার চেষ্টা করছিলেন তিনি। তাঁর সামনের গাড়িটি নিয়ম অনুযায়ী ড্রাইভওয়েতে ঢোকার মুখে গতি কমালেও উডস তা করেননি। ফলে ট্রেলারটির পিছনে ধাক্কা মারে তাঁর গাড়িটি। দুর্ঘটনায় আহত হয়েছেন গল্‌ফার।

দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আহত অবস্থায় উডসকে উদ্ধার করে স্থানীয় প্রশাসন। মার্টিন কাউন্টির শেরিফ জন এম বাডেনসিক বলেছেন, ‘‘উদ্ধারকারীরা উডসের আচরণে অস্বাভাবিকতা লক্ষ করেন। সঙ্গে সঙ্গে তাঁকে আটক করা হয়। প্রাথমিক পরীক্ষায় তাঁর শরীরে পানীয়ের উপস্থিতি পাওয়া যায়নি। তবে অন্য পরীক্ষাগুলিতে সম্মতি দেননি উডস। তার পর তাঁকে গ্রেফতার করে মার্টিন কাউন্টি জেলে পাঠানো হয়েছে।’’

তদন্তকারীরা জানিয়েছেন, মদ্যপান না করলেও উডস সম্ভবত মাদকসেবন করেছিলেন। তাঁর আচরণ স্বাভাবিক ছিল না। সম্ভবত সে কারণেই তিনি মূত্রের নমুনা দিতে চাননি। আরও বড় দুর্ঘটনার সম্ভাবনা ছিল বলেও জানিয়েছেন তদন্তকারীরা। উল্লেখ্য, আগেও নানা বিতর্কে জড়িয়েছেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা গল্‌ফার।

Tiger Woods Golfer arrest Accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy