শেষ দিনে এ বার আই লিগ চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দিতে পারছে না ফেডারেশন। খেতাবের লড়াইতে থাকা চার দলের মধ্যে যে দল চ্যাম্পিয়ন হবে তাদের মাঠেই অনুষ্ঠান করে পরে তুলে দেওয়া হবে ট্রফি। ফলে বৃহস্পতিবার পর্যন্ত ট্রফি থাকবে দিল্লির ফুটবল হাউসে।
গত বার শেষ ম্যাচে আই লিগ ট্রফি নিয়ে যাওয়া হয়েছিল পাহাড়ে। সম্ভাব্য চ্যাম্পিয়ন ধরে নেওয়া হয়েছিল আইজলকে। ২০১৫-১৬ মরসুমে এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিলেন সুনীল ছেত্রীরা। সমস্যা হয়নি। এ বার পরিস্থিতি আলাদা। তিন শহরের তিনটি স্টেডিয়ামে ৮ মার্চ একসঙ্গে হবে খেতাবের লড়াই। আই লিগের চিফ এক্সিকিউটিভ অফিসার সুনন্দ ধর বললেন, ‘‘কে চ্যাম্পিয়ন হবে বোঝা যাচ্ছে না। সে জন্যই পরে অনুষ্ঠান করে ট্রফি দেওয়া হবে।’’
এ দিকে এ দিন শিলং থেকে শহরে ফিরল ইস্টবেঙ্গল। টিম হোটেল থেকে আল আমনারা বের হওয়ার প্রায় দেড় ঘণ্টা আগে খালিদ জামিল চলে যান বিমানবন্দরের। দমদমে নেমে সংবাদমাধ্যমকে এড়াতে অনেক পরে বের হন। ফুটবলাররা সবাই বেরিয়ে যাওয়ার পর। ডুডু ওমাগবেমি বিমানবন্দরের দাঁড়িয়ে বলে যান, ‘‘দু’গোল করেও ম্যাচ জিততে পারলাম না। লিগ এখন আর আমাদের হাতে নেই।’’ পঞ্চকুল্লায় মোহনবাগান সকালে অনুশীলন করে। শিল্টন পাল ও কিংশুক দেবনাথ আজ বুধবার যোগ দেবেন দলে।