Advertisement
E-Paper

ইতিহাস গড়া হল না লক্ষ্যের, আবার অল ইংল্যান্ড ব্যাডমিন্টনের ফাইনালে হার বাঙালি তারকার

সুযোগ ছিল ইতিহাস গড়ার। কিন্তু পারলেন না লক্ষ্য সেন। অল ইংল্যান্ড ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে স্ট্রেট গেমে হারলেন বাঙালি তারকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ১৮:৫৯
sports

লক্ষ্য সেন। ছবি: পিটিআই।

দ্বিতীয় বারও অল ইংল্যান্ড ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে হারলেন লক্ষ্য সেন। ইতিহাস গড়ার সুযোগ ছিল তাঁর সামনে। কিন্তু পারলেন না তিনি। ফাইনালে চাইনিজ় তাইপেইয়ের লিন চুন ইয়ের কাছে স্ট্রেট গেমে (১৫-২১, ২০-২২) হারলেন বাঙালি তারকা।

লিনের বিরুদ্ধে লক্ষ্যের রেকর্ড ভাল ছিল না। এর আগে চার বারের সাক্ষাতে চার বারই হেরেছিলেন লক্ষ্য। কিন্তু এ বার যে ভাবে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে কঠিন প্রতিপক্ষকে লক্ষ্য হারিয়েছিলেন, তাতে একটি আশা ছিল। কিন্তু ফাইনালে পারলেন না লক্ষ্য।

লিন বাঁহাতি খেলোয়াড়। সেটাই বড় সমস্যা ছিল লক্ষ্যের। বাঁহাতি খেলোয়াড়েরা ডানহাতিদের বিরুদ্ধে একটি অদ্ভুত কোণ তৈরি করেন। ফলে সমস্যা হয় ডানহাতিদের। ফাইনালে প্রথম গেমে সেটাই দেখা গেল। প্রথম থেকেই এগিয়ে ছিলেন লিন। লক্ষ্য চেষ্টা করেন। কিন্তু ফিরতে পারেননি। প্রথম গেমে সহজে ২১-১৫ জিতে নেন লিন।

দ্বিতীয় গেমে লক্ষ্য শুরুটা ভাল করেন। এগিয়ে যান তিনি। কিন্তু সেই লিড ধরে রাখতে পারেননি। লম্বা র‌্যালি হচ্ছিল। ফলে দুই খেলোয়াড়ই ক্লান্ত হয়ে পড়ছিলেন। একটা সময় ১৩-৮ এগিয়ে ছিলেন লক্ষ্য। দেখে মনে হচ্ছিল, দ্বিতীয় গেম জিতবেন তিনি। কিন্তু সেখান থেকে ফিরলেন লিন। পাঁচ পয়েন্টে পিছিয়ে ছিলেন চাইনিজ় তাইপেইয়ের খেলোয়াড়। সেখান থেকে ১৬-১৬ করলেন তিনি।

বাকি সময়ে টান টান লড়াই চলে। এক বার লক্ষ্য এগোন। তো পর ক্ষণেই লিন এগিয়ে যান। শেষ পর্যন্ত স্নায়ুর চাপ ধরে রেখে লক্ষ্যকে ভুল করতে বাধ্য করেন লিন। শেষ দু’টি পয়েন্টে বাইরে মারেন তিনি। ফলে ২২-২০ পয়েন্টে দ্বিতীয় গেম জিতে ৫৭ মিনিটে ম্যাচ জিতে নেন লিন।

ভারতের পুরুষ ব্যাডমিন্টন তারকাদের মধ্যে এর আগে ১৯৮০ সালে প্রকাশ পাড়ুকোন ও ২০০১ সালে পুল্লেলা গোপীচন্দ অল ইংল্যান্ড জিতেছিলেন। ২৫ বছর পর ইতিহাস গড়ার সুযোগ ছিল লক্ষ্যের সামনে। কিন্তু পারলেন না তিনি।

Lakshya Sen All England Open
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy