অবসর ঘোষণা করলেন সাইনা নেহওয়াল। হাঁটুর যন্ত্রণায় কাবু হয়ে গিয়েছিলেন তিনি। প্রতিযোগিতামূলক ব্যাডমিন্টন খেলা আর সম্ভব হচ্ছিল না তাঁর পক্ষে। ২০১২ অলিম্পিক্সের ব্রোঞ্জ জয়ী সাইনা দীর্ঘদিন ধরে হাঁটুর সমস্যায় ভুগছেন। তাই এ বার ব্যাডমিন্টনকে বিদায় জানালেন তিনি।
একটি পডকাস্টে সাইনা বলেছেন, “দু’বছর আগে আমি শেষ বার প্রতিযোগিতামূলক ব্যাডমিন্টন খেলেছি। আমার মনে হয়, যে হেতু খেলা শুরু করার সিদ্ধান্তও আমার, তাই কখন ছাড়ব সেটাও আমিই ঠিক করব। আলাদা করে অবসর ঘোষণার কোনও দরকার নেই।”
মহিলাদের ব্যাডমিন্টনের প্রাক্তন এক নম্বর সাইনা বলেন, “আমার কার্টিলেজের সমস্যা হচ্ছে। বাতের ব্যথায় ভুগছি। এটা আমার বাবা-মায়ের, কোচেদের জানার দরকার ছিল। আমি ওদের জানিয়েছি। আর পারছি না। খেলা খুব কঠিন হচ্ছে। ধীরে ধীরে সকলেই বুঝে যাবেন, সাইনা আর খেলছে না।”
সাইনা জানিয়েছেন, ঘটা করে অবসর ঘোষণার প্রয়োজন মনে করেননি তিনি। ভারতের হয়ে অলিম্পিক্সে পদকজয়ী সাইনা বলেন, “আমার মনে হয় না, অবসর ঘোষণা খুব বড় বিষয়। আমার মনে হয়েছে, এ বার সময় হয়েছে। আর টানতে পারছি না। সেরাদের বিরুদ্ধে লড়তে গেলে আট-ন’ঘণ্টা অনুশীলন করতে হয়। এক-দু’ঘণ্টাতেই আমার হাঁটু জবাব দিয়ে দিচ্ছে। হাঁটু ফুলে যাচ্ছে। খেলব কী ভাবে? আর না। এ বার সময় হয়েছে।”
২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন সাইনা। মহিলাদের ব্যাডমিন্টনে অলিম্পিক্সে সেটিই ছিল ভারতের প্রথম পদক। ২০১৬ রিয়ো অলিম্পিক্সে হাঁটুতে চোট পান সাইনা। তার পরেও ২০১৭ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ ও ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন তিনি। ২০২৩ সালের সিঙ্গাপুর ওপেনে শেষ বার কোর্টে দেখা গিয়েছিল সাইনাকে। এ বার ব্যাডমিন্টনকে বিদায় জানালেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)