Advertisement
E-Paper

বাংলাদেশ থেকে সুখবর কলকাতার জন্য, লিটনকে আরও বেশি দিনের জন্য পাচ্ছে কেকেআর

কলকাতার হয়ে অনুশীলনে নামার পরের দিনই সুখবর পেলেন লিটন। কলকাতা শিবিরে বাড়তি কিছু দিন থাকার আবেদন করেছিলেন তিনি। সেই আবেদন মঞ্জুর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৩ ১২:০৪
litton das

রবিবার কলকাতা শিবিরে যোগ দিয়েছেন লিটন। বোর্ডের অনুমতি পাওয়ায় অন্তত ৪ মে পর্যন্ত দলের সঙ্গে থাকতে পারবেন লিটন। ছবি: কেকেআর

আইপিএলে কলকাতা তাঁকে কেনার পর থেকেই উত্তেজিত ছিলেন লিটন দাস। প্রথম থেকেই প্রতিযোগিতায় খেলার ইচ্ছে থাকলেও দেশের ম্যাচ থাকায় দেরি করে দলে যোগ দিতে হয়েছে। তবে কলকাতার হয়ে অনুশীলনে নামার পরের দিনই সুখবর পেলেন লিটন। কলকাতা শিবিরে অতিরিক্ত দু’দিন থাকার আবেদন করেছিলেন তিনি। সেই আবেদন মঞ্জুর করা হয়েছে। ফলে আরও একটি ম্যাচে কলকাতার দলে থাকতে পারবেন তিনি।

বাংলাদেশের ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, “আমাদের থেকে বাড়তি দু’দিন ছুটি চেয়েছিল লিটন। মনে হয় ও ৫ তারিখ ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবে। লিটনকে ছুটি দিতে রাজি হয়েছি আমরা। তবে মুস্তাফিজুর রহমান ঠিক সময়েই দলের সঙ্গে যোগ দেবে।”

রবিবার কলকাতা শিবিরে যোগ দিয়েছেন লিটন। বোর্ডের অনুমতি পাওয়ায় অন্তত ৪ মে পর্যন্ত দলের সঙ্গে থাকতে পারবেন লিটন। ওই দিন হায়দরাবাদে সানরাইজার্সের বিরুদ্ধে খেলবে কলকাতা। লিটনকে সেই ম্যাচেও পাবে তারা। কিন্তু কলকাতার পরের তিনটি ম্যাচে থাকতে পারবেন না লিটন। ইংল্যান্ডে উড়ে যাবেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়‌ খেলতে। তার পরে গ্রুপ পর্বে কলকাতার শেষ ম্যাচের আগে দলে যোগ দিতে পারবেন। দল প্লে-অফে উঠলে সেখানেও খেলতে পারবেন।

বাংলাদেশ দল ২ মে ইংল্যান্ডে যাবে। ৫ মে অনুশীলন ম্যাচ খেলবে। সেই ম্যাচে লিটন খেলতে পারবেন না। কারণ সে দিনই তাঁর ইংল্যান্ডে পৌঁছনোর কথা। ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত তিনটি ম্যাচ খেলা হবে। এর মাঝে কলকাতার তিনটি ম্যাচ রয়েছে। ২০ মে লখনউয়ের বিরুদ্ধে ঘরের মাঠে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে কলকাতা। সেই ম্যাচে খেলতে আবার কলকাতা শিবিরে যোগ দিতে পারেন লিটন। দল যদি প্লে-অফে ওঠে তা হলেও খেলবেন। কিন্তু লখনউ ম্যাচের আগেই যদি কলকাতার প্লে-অফে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যায়, তা হলে হয়তো একটি ম্যাচের জন্য তিনি ইংল্যান্ড থেকে ফিরবেন না।

Litton Das KKR IPL 2023
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy