প্রথম সাক্ষাতে মুম্বইয়ের মাটিতে রোহিত শর্মাদের হারিয়ে ছিলেন মহেন্দ্র সিংহ ধোনিরা। দ্বিতীয় সাক্ষাতে ঘরের মাঠেও জিতলেন ধোনিরা। শনিবার চেন্নাইয়ের জয়ের কারণ হিসাবে উঠে আসছে মুম্বইয়ের একাধিক ব্যর্থতা।
প্রথমে ব্যাট করে মুম্বই তোলে ৮ উইকেটে ১৩৯ রান। জবাবে ১৪ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেলেন ধোনিরা। মুম্বইয়ের বিরুদ্ধে চেন্নাইয়ের জয়ের পাঁচ কারণ তুলে ধরল আনন্দবাজার অনলাইন।
১) চেন্নাইয়ের জয়ের অন্যতম প্রধান কারণ মুম্বইয়ের ব্যাটিং ব্যর্থতা। রোহিতদের দলের প্রথম তিন ব্যাটারের মিলিত অবদান ১৩ রান। মাত্র ১৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুম্বই। পরে সেই চাপ আর সামলাতে পারেনি মুম্বই। নেহাল ওয়াধেরা ছাড়া মুম্বইয়ের কোনও ব্যাটারই বলার মতো রান করতে পারেননি। ঈশান কিশনের মতো ব্যাটাররা অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে উইকেট ছুড়ে দিলেন।
২) চেন্নাইয়ের জয়ের আরও একটি কারণ রোহিতের ব্যর্থতা। নিজেকে ব্যাটিং অর্ডারের তিন নম্বরে নামিয়েও রান পেলেন না মুম্বই অধিনায়ক। চেন্নাই অধিনায়ক ধোনির কৌশলে সাজঘরে ফিরলেন তিনি। ব্যাটিং ব্যর্থতার প্রভাব পড়ছে রোহিতের নেতৃত্বেও।
৩) চেন্নাইয়ের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন মাথিশা পাথিরানা। আইপিএলে ধারাবাহিক ভাবে ভাল পারফরম্যান্স করছেন তিনি। শনিবার মুম্বইয়ের বিরুদ্ধেও ১৫ রান দিয়ে তুলে নিলেন ৩ উইকেট। ধস নামালেন প্রতিপক্ষ দলের মিডল অর্ডারে।
৪) চেন্নাইয়ের জয়ের অন্যতম কারণ অবশ্যই ধোনির অনবদ্য নেতৃত্ব। রোহিতকে আউট করার ক্ষেত্রে দেখা গেল অধিনায়ক ধোনির দুরন্ত কৌশল। রোহিত যে বলে আউট হলেন তার ঠিক আগের বলটিতেও উইকেটের বেশ কিছুটা পিছনে দাঁড়িয়ে ছিলেন ধোনি। অথচ সেই বলে উইকেটের একদম পিছনে এগিয়ে এসে দাঁড়ান। বোলিং পরিবর্তন এবং ফিল্ডিং সাজানোর ক্ষেত্রেও দেখা গেল অধিনায়ক ধোনির চেনা ঝলক।
আরও পড়ুন:
৫) চেন্নাইয়ের জয়ের অন্যতম কারণ সহজ লক্ষ্য পেলেও হালকা ভাবে না নেওয়া। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হার্দিক পাণ্ড্যের গুজরাত টাইটান্স যে ভুল করেছিল, তা সতীর্থদের করতে দেননি অভিজ্ঞ ধোনি। চেন্নাইয়ের সব ব্যাটারই উইকেটে থেকে রান তোলার চেষ্টা করলেন। কেউ অযথা ঝুঁকি নেননি।