আগামী রবিবার ডার্বিতে দেখা যেতে পারে এক বিশেষ অতিথিকে। তাঁকে যদিও ফুটবলের নয়, ক্রিকেটের মহাতারকা হিসেবেই বিশ্ব চেনে। তিনি কেন উইলিয়ামসন— যুবভারতীতে ইলিশ বনাম চিংড়ির, মশাল বনাম পালতোলা নৌকার ঐতিহ্যের ডার্বি দেখতে আসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে।
উইলিয়ামসন এ বারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে আছেন। ঋষভ পন্থদের রণনীতি সংক্রান্ত পরামর্শদাতা (স্ট্র্যাটেজিক অ্যাডভাইসর) তিনি। এলএসজি ও মোহনবাগান সুপার জায়ান্ট, দু’টি দলেরই মালিক সঞ্জীব গোয়েন্কা। নিউ জ়িল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ঝটিকা সফরে দু’দিনের জন্য কলকাতা ঘুরে গিয়ে ডার্বি দেখে যেতেই পারেন। তাঁর ফুটবল নিয়ে বেশ আগ্রহ আছে বলেও শোনা যায়। কলকাতা ডার্বির ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে শুনেছেন। এ বার সশরীরে উপস্থিত থেকে এই মহারণের উত্তেজনা উপভোগকরতে চান।
লখনউ ক্রিকেট দল আইপিএলে আজ, শুক্রবার খেলছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। তার পর তাদের ম্যাচ জয়পুরে ১৯ মে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। তাই ১৭ মে কলকাতায় এসে ডার্বি দেখে আবার দলের সঙ্গে যোগ দেওয়ায় খুব একটা সমস্যা নেই।
ইডেনের ডাগ-আউটে যাঁকে বেশি দেখা যাবে বলে প্রত্যাশা থাকে, তিনি শেষ পর্যন্ত যুবভারতীর ভিআইপি বক্সে কলকাতা ডার্বির স্বাদ নিতে হাজির থাকেন কি না, সেটাই এখন দেখার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)