অল ইংল্যান্ড ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন লক্ষ্য সেন। বৃহস্পতিবার এক গেম খুইয়েও তিনি হারিয়েছেন হংকংয়ের কা লং আঙ্গুসকে। বিশ্বের ১২ নম্বর খেলোয়াড় লক্ষ্যকে শুরু থেকেই তীক্ষ্ণ এবং ক্ষুরধার দেখিয়েছে। র্যালি এবং শারীরিক সক্ষমতায় বিপক্ষকে হারিয়ে দিয়েছেন তিনি। লক্ষ্য জিতেছেন ২১-১৯, ২১-২৩, ২১-১০ ফলে।
লংয়ের বিরুদ্ধে গত তিনটি ম্যাচেই হেরেছিলেন লক্ষ্য। এ দিনও শুরুতে পিছিয়ে পড়েন। তবে ৪-৬ পিছিয়ে থাকা অবস্থায় নিজের সেরা খেলা বার করে এনে ১৫-১১ পয়েন্টে এগিয়ে যান লক্ষ্য। আগ্রাসী রিটার্ন এবং নিখুঁত পজিশনের সাহায্যে বিপক্ষের উপর চাপ সৃষ্টি করছিলেন তিনি। এক সময় ১৭-১৩ পয়েন্টে এগিয়ে যান। লং সহজে হাল ছাড়েননি। পরের দিকে ব্যবধান কমিয়ে আনেন। এক সময় ম্যাচ ১৯-১৯ হয়ে যায়। জাম্প স্ম্যাশের সাহায্যে গেম পয়েন্ট জেতেন এবং লংয়ের ভুলে সেট পকেটে পুরে নেন।
দ্বিতীয় সেটে ক্রসকোর্ট স্ম্যাশ মেরে শুরু করেন। শটের বৈচিত্র এবং র্যালিতে আগ্রাসন বজায় রেখে একসময় ১১-৪ এগিয়ে যায়। সেখান থেকে ম্যাচ ১২-১৭ করে দেন লং। ভারতীয় খেলোয়াড়কে চাপে ফেলে ১৭-১৯ করে দেন। অসাধারণ একটি ক্রসকোর্ট স্ম্যাশ মেরে তিন নম্বর ম্যাচ পয়েন্ট আদায় করেন লক্ষ্য। সেখান থেকে ফিরে এসে সেট পকেটে পুরে নেন লং।
আরও পড়ুন:
তৃতীয় গেমেও লক্ষ্য ৬-২ এগিয়ে যেন। এমন কিছু শট খেলেন যার নাগাল পাননি লং। এক সময় লক্ষ্য ১৪-৬ এগিয়ে যান। লংকে দেখে মনে হচ্ছিল তাঁর দম শেষ হয়ে গিয়েছে। প্রথম দুই গেমের মতো লড়াই করতে পারছিলেন না। অন্য দিকে লক্ষ্যের তীব্রতা ছিল আগের মতোই। শেষ পর্যন্ত ২১-১০ পয়েন্টে গেম এবং ম্যাচ জিতে নেন লক্ষ্য।