Advertisement
E-Paper

খারাপ ব্যবহার, অশালীন মুখের ভাষা! কোচের বিরুদ্ধে সাইয়ে অভিযোগ নীরজের, চিঠি লিখলেন প্যারালিম্পিক্সে সোনাজয়ীও

ভারতের অ্যাথলেটিক্স জগতে আলোড়ন। এক কোচের বিরুদ্ধে খারাপ ব্যবহার, অশালীন ভাষা প্রয়োগের অভিযোগ করলেন নীরজ চোপড়া। চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন। পাশে পেয়েছেন প্যারালিম্পিক্সে সোনাজয়ী খেলোয়াড় সুমিত আন্টিলকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ০০:২০
sports

নীরজ চোপড়া। — ফাইল চিত্র।

ভারতের অ্যাথলেটিক্স জগতে শুক্রবার আলোড়ন পড়ে গেল। এক কোচের বিরুদ্ধে খারাপ ব্যবহার, অশালীন ভাষা প্রয়োগের অভিযোগ করলেন নীরজ চোপড়া। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াকে (সাই) চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন। পাশে পেয়েছেন প্যারালিম্পিক্সে সোনাজয়ী খেলোয়াড় সুমিত আন্টিলকে। দু’জনেই জ্যাভলিনের সঙ্গে যুক্ত।

সাইয়ের কোচ নাভাল সিংহের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। গত ১০ এপ্রিল চিঠি পাঠিয়েছেন নীরজ এবং সুমিত। নীরজ জানিয়েছেন, তাঁকে এবং তাঁর পরিবারের প্রতি খারাপ ভাষা প্রয়োগ করে আক্রমণ করেছেন ওই কোচ। অবিলম্বে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।

নীরজ লিখেছেন, “সতীর্থদের দাবির সঙ্গে সহমত হয়ে আমি এই ব্যাপারে কঠোর শাস্তি দাবি করছি। একজন ক্রীড়াবিদ হিসাবে এই চিঠি লিখছি যে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের প্রতিনিধিত্ব করেছে এবং সম্মান, শৃঙ্খলা এবং সমীহকে বরাবর গুরুত্ব দিয়েছে। নাভাল সিংহ যে সব কথা বলেছেন তা খুবই খারাপ এবং লজ্জাজনক।”

Advertisement

নীরজ আরও লিখেছেন, “আমাকে, আমার পরিবার এবং সতীর্থদের উদ্দেশে খারাপ ভাষা বলা হয়েছে যা পেশাদার এবং মানবিক দৃষ্টিভঙ্গি থেকে খুবই অশোভন। এত খারাপ ভাষা শুনে আমি অবাক এবং হতাশ হয়েছি। উচ্চপদে থাকা একজন ব্যক্তির থেকে এমন আচরণ অসহ্য এবং খেলাধুলোর জগতের সম্মানকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। সাইকে অনুরোধ, অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। বুঝিয়ে দেওয়া হোক এমন কাজ করলে কী হতে পারে এবং ভবিষ্যতে এমন যাতে না হয়। আমাদের ক্রীড়াবিদেরা পেশাদারিত্ব এবং সম্মানের যোগ্য।”

সুমিত জানিয়েছেন, নাভাল মত্ত হয়ে খারাপ ভাষায় রেকর্ডিং পাঠাতে ক্রীড়াবিদদের। অতীতেও অভিযোগ জানানো বয়েছে। কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। তাই সরকারি ভাবে চিঠি লিখে আবার অভিযোগ জানাতে হচ্ছে।

উল্লেখ্য, নাভাল অতীতে দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন। তিনি এখন সচিন যাদবের কোচ।

Neeraj Chopra Sumit Antil Javelin
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy