Advertisement
E-Paper

আবার একসঙ্গেই শোয়েব-সানিয়া, বিচ্ছেদের জল্পনার মাঝেই চমক দিল তারকা জুটি

ইনস্টাগ্রামে একটি ভিডিয়োতে দেখা গেল সানিয়া এবং শোয়েবকে। পাশাপাশি দাঁড়িয়ে নিজেদের পরিচয় দিলেন তাঁরা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২২ ১৪:৪৫
শোয়েব মালিক এবং সানিয়া মির্জ়ার বিচ্ছেদ নিয়ে জল্পনা চলছেই।

শোয়েব মালিক এবং সানিয়া মির্জ়ার বিচ্ছেদ নিয়ে জল্পনা চলছেই। —ফাইল চিত্র

সানিয়া মির্জ়া এবং শোয়েব মালিকের মধ্যে বিচ্ছেদের সম্ভাবনা শিরোনামে উঠে এসেছে বার বার। কিন্তু এর মাঝেই তারকা জুটিকে দেখা গেল একসঙ্গে। ‘দ্য মির্জ়া-মালিক শো’ নামে একটি অনুষ্ঠানের জন্য শুটিং করছেন তাঁরা। সেই জন্যই একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের।

ইনস্টাগ্রামে একটি ভিডিয়োতে দেখা গেল সানিয়া এবং শোয়েবকে। পাশাপাশি দাঁড়িয়ে তাঁরা নিজেদের পরিচয় দিলেন। সেই ভিডিয়োর উপরে লেখা, “আপনারা কি মির্জ়া মালিক শোয়ের জন্য উদ্‌গ্রীব হয়ে রয়েছেন?” একে অপরের পাশে দাঁড়িয়ে থাকলেও তাঁদের দূরত্ব যেন অনেকটা। পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলেন শোয়েব। কথা বলার সময় সানিয়া মুখে হাসি ধরে রাখার চেষ্টা করলেও ভিডিয়োর শুরু এবং শেষে সেই রেশ ধরে রাখতে পারলেন না।

কিছু দিন আগেই জানা গিয়েছিল এই শোয়ের কথা। সানিয়া এবং শোয়েব একসঙ্গেই যে এই শোটি করবেন তা জানানো হয়েছিল। যদিও তারকা জুটির বিচ্ছেদের সম্ভাবনা তাতে কমেনি। সূত্রের দাবি, এই শো-এর জন্যই বিচ্ছেদের কথা এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করছেন না ভারত-পাক তারকা জুটি। তাতে আইনি সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, নামপ্রকাশে অনিচ্ছুক সানিয়া-শোয়েবের এক ঘনিষ্ঠ বন্ধু বলেছেন, “দু’জনের বিচ্ছেদ হয়ে গিয়েছে। তাঁরা এখন আলাদা থাকাও শুরু করে দিয়েছেন। এর বেশি এখন আর কিছুই বলতে পারব না।’’

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি স্টোরিতে সানিয়া লিখেছিলেন, “ভাঙা হৃদয় কোথায় যায়? ঈশ্বর খুঁজতে।” ভারতের অন্যতম সেরা টেনিস তারকা ছেলের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে ইজ়হান তাঁকে চুমু খাচ্ছে। সেই সঙ্গে সানিয়া লিখেছিলেন, “যে মুহূর্তগুলো কঠিন সময় পার করে দেয়।” ইনস্টায় একটি স্টোরিতে সানিয়া লিখেছিলেন, ‘‘আলো ও অন্ধকার দিয়েই তৈরি এক জন মানুষ। একটু ভঙ্গুর হওয়ার জন্য নিজেকে ভালবাসুন। যখন আপনার হৃদয় ভারাক্রান্ত, তখন কিছু দিনের জন্য নিজেকে বিরতি দিতে শিখুন।’’ কবিতার ছন্দে লেখা এই উদ্ধৃতির নীচে নাম রয়েছে সিআর এলিয়টের। বিচ্ছেদের জল্পনার আবহে সানিয়ার এ হেন বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।

Sania Mirza Shoaib Malik Divorce Tennis Pakistan Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy