Advertisement
E-Paper

বিশ্বকাপের গ্রুপ পর্বে ১৯ ম্যাচ বাকি, এখনও ১৯ দল উঠতে পারে সুপার ৮-এ, কার সামনে কী অঙ্ক

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও কোনও দল সুপার ৮-এ উঠতে পারেনি। লড়াইয়ে রয়েছে ১৯টি দল। কোন দলের সামনে কী অঙ্ক রয়েছে?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৪ ১৬:৪২
cricket

বিশ্বকাপের সুপার ৮-এর দৌড়ে ভাল জায়গায় রোহিত শর্মারা। —ফাইল চিত্র।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ২১টি ম্যাচ হয়ে গিয়েছে। বাকি রয়েছে ১৯টি ম্যাচ। এখনও কোনও দল সুপার ৮-এ উঠতে পারেনি। লড়াইয়ে রয়েছে ১৯টি দল। কোন দলের সামনে কী অঙ্ক রয়েছে?

গ্রুপ এ:

ভারত (৪ পয়েন্ট, নেট রানরেট ১.৪৫৫)— ভাল জায়গায় রয়েছে ভারত। নেট রানরেট গ্রুপের বাকি চার দলের থেকে অনেকটাই বেশি। বাকি আরও দু’টি ম্যাচ। আমেরিকা ও কানাডার মধ্যে একটি ম্যাচ জিতলেই সুপার ৮ প্রায় পাকা রোহিত শর্মাদের। কানাডাকে যদি ভারত হারাতে পারে তা হলে শেষ আট নিশ্চিত তাদের।

আমেরিকা (৪ পয়েন্ট, নেট রানরেট ০.৬২৬)— আমেরিকাও ভাল জায়গায় রয়েছে। ভারত ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বাকি তাদের। এই দুই ম্যাচের মধ্যে অন্তত একটি জিততে হবে তাদের। কানাডা যদি পয়েন্ট নষ্ট করে তা হলেই সুপার ৮ পাকা হয়ে যাবে আয়োজক দেশের।

কানাডা (২ পয়েন্ট, নেট রানরেট -০.২৭৪)— পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে দু’টি ম্যাচ বাকি। দু’টিই জিততে হবে কানাডাকে। ভারত যদি আমেরিকার কাছেও হারে তবেই সুপার ৮ পাকা হবে কানাডার।

পাকিস্তান (০ পয়েন্ট, নেট রানরেট -০.১৫০)— বাকি দু’টি ম্যাচ কানাডা ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে। দু’টিই জিততে হবে বাবরদের। অন্য দিকে আমেরিকাকে বাকি দু’টি ম্যাচ হারতে হবে। কানাডাকেও ভারতের কাছে হারতে হবে। তবেই সুপার ৮-এ যেতে পারবেন বাবর আজ়মেরা।

আয়ারল্যান্ড (০ পয়েন্ট, নেট রানরেট -১.৭১২)— আশা খুবই কম। আমেরিকা ও পাকিস্তানকে বড় ব্যবধানে হারাতে হবে। কানাডাকে পাকিস্তানের কাছে ও আমেরিকাকে ভারতের কাছে হারতে হবে। তবেই নেট রানরেটের অঙ্কে পরের ধাপে যেতে পারবে আয়ারল্যান্ড।

গ্রুপ বি:

স্কটল্যান্ড (৫ পয়েন্ট, নেট রানরেট ২.১৬৪)— একটিই ম্যাচ বাকি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচ জিতলে সুপার ৮ পাকা। না জিতলেও সুযোগ রয়েছে। ইংল্যান্ড পয়েন্ট নষ্ট করলেই পরের রাউন্ডে চলে যাবে স্কটল্যান্ড।

অস্ট্রেলিয়া (৪ পয়েন্ট, নেট রানরেট ১.৮৭৫)— ম্যাচ বাকি নামিবিয়া ও স্কটল্যান্ডের বিরুদ্ধে। একটি ম্যাচ জিতলেই সুপার ৮ পাকা করে ফেলবেন মিচেল মার্শেরা।

নামিবিয়া (২ পয়েন্ট, নেট রানরেট -০.৩০৯)— ম্যাচ বাকি অস্ট্রেলিয়া ও ইংল্যাডের বিরুদ্ধে। দু’টি ম্যাচই জিততে হবে। স্কটল্যান্ডও যদি অস্ট্রেলিয়ার কাছে হারে তা হলে সুপার ৮-এ পৌঁছে যাবে নামিবিয়া।

ইংল্যান্ড (১ পয়েন্ট, নেট রানরেট -১.৮০০)— চাপে ইংল্যান্ড। ম্যাচ বাকি নামিবিয়া ও ওমানের বিরুদ্ধে। দু’টি ম্যাচই জিততে হবে। স্কটল্যান্ড যদি অস্ট্রেলিয়ার কাছে হারে তা হলে সুপার ৮ পাকা হবে জস বাটলারদের।

ওমান (০ পয়েন্ট, নেট রানরেট -১.৬১৩)— বিশ্বকাপের একমাত্র দল যারা সুপার ৮-এর লড়াই থেকে বাদ গিয়েছে। কোনও ভাবেই পরের রাউন্ডে যেতে পারবে না তারা।

গ্রুপ সি:

আফগানিস্তান (৪ পয়েন্ট, নেট রানরেট ৫.২২৫)— নেট রানরেট সকলের থেকে বেশি। ওয়েস্ট ইন্ডিজ় ও পাপুয়া নিউ গিনির মধ্যে একটি ম্যাচ জিতলেই সুপার ৮-এ রশিদ খানেরা।

ওয়েস্ট ইন্ডিজ় (৪ পয়েন্ট, নেট রানরেট ৩.৫৭৪)— নিউ জ়িল্যান্ড ও আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ বাকি। দু’টি ম্যাচের একটি জিততে পারলেই শেষ আটে পৌঁছে যাবেন আন্দ্রে রাসেলরা।

উগান্ডা (২ পয়েন্ট, নেট রানরেট -৪.২১৭)— নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে বড় জয় দরকার। ওয়েস্ট ইন্ডিজ়কে আফগানিস্তান ও নিউ জ়িল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারতে হবে। তবেই সুযোগ থাকবে তাদের।

পাপুয়া নিউ গিনি (০ পয়েন্ট, নেট রানরেট -০.৪৩৪)— আফগানিস্তান ও নিউ জ়িল্যান্ডকে হারালে ৪ পয়েন্ট হবে তাদের। ওয়েস্ট ইন্ডিজ়কে আফগানিস্তান ও নিউ জ়িল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারতে হবে। তবেই সুযোগ থাকবে তাদের।

নিউ জ়িল্যান্ড (০ পয়েন্ট, নেট রানরেট -৪.২০০)— ওয়েস্ট ইন্ডিজ়, উগান্ডা ও পাপুয়া নিউ গিনিকে হারাতে হবে। ওয়েস্ট ইন্ডিজ়কে আফগানিস্তানের কাছে হারতে হবে। তা হলে সুপার ৮-এ উঠবেন কেন উইলিয়ামসনেরা।

cricket

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রুপ ডি:

দক্ষিণ আফ্রিকা (৬ পয়েন্ট, নেট রানরেট ০.৬০৩)— নেপালের বিরুদ্ধে একটি ম্যাচ বাকি। সেটা জিতলেই প্রোটিয়ারা সুপার ৮-এ চলে যাবেন।

বাংলাদেশ (২ পয়েন্ট, নেট রানরেট ০.০৭৫)— নেদারল্যান্ডস ও নেপালকে হারালে ৬ পয়েন্ট হবে। সে ক্ষেত্রে সুপার ৮-এ উঠে যাবেন শাকিব আল হাসানেরা।

নেদারল্যান্ডস (২ পয়েন্ট, নেট রানরেট ০.০২৪)— বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে হারাতে পারলে ৬ পয়েন্ট হবে তাদের। নেপাল একটি ম্যাচ হারলেই সুপার ৮ পাকা হয়ে যাবে নেদারল্যান্ডসের।

নেপাল (০ পয়েন্ট, নেট রানরেট -০.৫৩৯)— দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে হারাতে হবে। নেদারল্যান্ডস একটি ম্যাচ হারলেই সুপার ৮-এ উঠবে নেপাল।

শ্রীলঙ্কা (০ পয়েন্ট, নেট রানরেট -০.৭৭৭)— নেপাল ও নেদারল্যান্ডসকে হারাতে হবে। বাংলাদেশকে নেদারল্যান্ডসের কাছে হারতে হবে। তবেই ৪ পয়েন্ট নিয়ে নেট রানরেটের বিচারে পরের রাউন্ডে যাবে শ্রীলঙ্কা।

T20 World Cup 2024 India Cricket Pakistan Cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy