অনায়াসে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে উঠে গেলেন আলেকজ়ান্ডার জ়েরেভ। বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডে তিনি স্ট্রেট সেটে হারিয়েছেন ভ্যালেন্টিন রয়ারকে। বুধবার রাতের ম্যাচে স্টেফানোস চিচিপাসকে হারিয়ে পরের রাউন্ডে গিয়েছেন নোভাক জোকোভিচ। মেয়েদের বিভাগে, ইগা শিয়নটেককেও জিততে বিশেষ কষ্ট করতে হয়নি।
এ দিন দু’ঘণ্টা চার মিনিটের লড়াইয়ে জার্মানির জ়েরেভ জেতেন ৬-১, ৬-৩, ৭-৬ গেমে। ঘাসের কোর্টে ৫০তম ম্যাচ জিতলেন তিনি। ২৯ বছরের জার্মান ১৪টি ‘এস’ মেরেছেন। আটটি ব্রেক পয়েন্ট কাজে লাগিয়েছেন। সব মিলিয়ে, ফরাসি ওপেন বিজয়ীর থেকে সার্বিক পারফরম্যান্স দেখা গিয়েছে।
উ ইবিংয়ের বিরুদ্ধে জোকোভিচের প্রথম ম্যাচ গড়িয়েছিল চার সেটে। তবে দ্বিতীয় রাউন্ডে চিচিপাসকে স্ট্রেট সেটে হারিয়েছেন সার্বিয়ার খেলোয়াড়। ২০তম বার ঘাসের কোর্টে তৃতীয় রাউন্ডে উঠলেন। সাত বার উইম্বলডন জেতা জোকোভিচ প্রতিটি বিভাগেই টেক্কা দিয়েছেন চিচিপাসকে। ঘাসের কোর্টে জোকোভিচের বিরুদ্ধে প্রথম সাক্ষাৎ ভুলে যেতে চাইবেন চিচিপাস। শেষের দিকে গ্রিসের খেলোয়াড়কে যে ভাবে জোকোভিচ ব্রেক করলেন সেটাই বুঝিয়ে দিল এখনও তিনি পুরোপুরি বুড়িয়ে যাননি।
জোকোভিচ বলেছেন, “এ ভাবে খেললে সত্যিই খুব খুশি হই। তৃপ্তি আসে। ছন্দটা পেয়ে গেলে খুব সুবিধা হয়। যে গেমে ৫-২ এগিয়ে গিয়েছিলাম, ওটা সাম্প্রতিক কালে আমার খেলা সেরা গেম। নিজের শট ঠিকঠাক ভাবে মারতে পেরেছি। অনেক শান্ত হয়ে খেলতে পেরেছি। মাথায় কোনও চিন্তা ছিল না।”
আরও পড়ুন:
এ দিকে, প্রথম বার উইম্বলডনে নেমেই রাফায়েল জোদার চমক দিয়েছেন। তিনি পাঁচ সেটের লড়াইয়ে স্পেনেরই পাবলো কারেনা বুস্তাকে হারিয়েছেন। জোদার জিতেছেন ৩-৬, ৬-৩, ১-৬, ৬-৩, ৬-৪ গেমে। ওপেন যুগে স্পেনের তৃতীয় খেলোয়াড় হিসাবে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে উঠলেন জোদার। আগে এই কৃতিত্ব রয়েছে রাফায়েল নাদাল এবং কার্লোস আলকারাজ়ের।
দ্বিতীয় রাউন্ডে দাপুটে পারফরম্যান্স পাওয়া গিয়েছে তৃতীয় বাছাই শিয়নটেকের থেকে। প্রাক্তন উইম্বলডন ফাইনালিস্ট ক্যারোলিনা প্লিসকোভাকে মাত্র ৬৯ মিনিটের লড়াইয়ে ৬-১, ৬-৩ গেমে হারিয়েছেন তিনি। ষষ্ঠ বাছাই আমান্ডা আনিসিমোভা ৬-২, ৪-৬, ৭-৬ হারিয়েছেন সোফিয়া কেনিনকে।