Advertisement
E-Paper

টি-টোয়েন্টি বিশ্বকাপে মহারণ, ভারত বনাম পাকিস্তান। বাংলাদেশে সরকার গড়ার তোড়জোড়। আর কী কী নজরে

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান, বাংলাদেশে সরকার গঠনের তোড়জোড়, ‘যুবসাথী’ প্রকল্পের ফর্ম বিলি, রঞ্জি ট্রফির সেমিফাইনাল, আইএসএল , অস্ট্রেলিয়া সফরে ভারতের মহিলা ক্রিকেট দল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০০

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

অপেক্ষার অবসান। টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ ভারত-পাকিস্তান ম্যাচ। শ্রীলঙ্কার কলম্বোয় খেলা। এই ম্যাচে যারা জিতবে তারাই দ্বিতীয় দল হিসাবে সুপার এইটে উঠবে। ভারতীয় দল নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন, অভিষেক শর্মা খেলতে পারবেন কি না। পেটের সমস্যায় ভুগছেন তিনি। নজর থাকবে পাকিস্তানের বিস্ময় স্পিনার উসমান তারিকের দিকে। কলম্বোয় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। খেলা শুরু হওয়ার কথা সন্ধ্যা ৭টা থেকে। আজ আরও দু’টি খেলা রয়েছে। সকাল ১১টায় মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও নেপাল। বিকেল ৩টে থেকে রয়েছে আমেরিকা-নামিবিয়া খেলা। সব ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

বাংলাদেশে সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। দুই তৃতীয়াংশ জনমত নিয়ে ক্ষমতায় ফিরেছে বিএনপি। খালেদা জিয়ার পুত্র তারেক রহমান হতে চলেছেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী। তবে তিনি কবে শপথ নেবেন, তা এখনও স্পষ্ট নয়। আগামী সোম বা মঙ্গলবার নতুন সরকার গঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সংসদ সদস্যরা শপথ নিতে পারেন মঙ্গলবার। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক কেমন থাকবে, তা নিয়েও কাটাছেঁড়া শুরু হয়েছে বিভিন্ন মহলে। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

আজ সরকারি ছুটির আবহেই শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত ‘যুবসাথী’ প্রকল্পের ফর্ম বিলির কাজ। নবান্নের বিশেষ নির্দেশে জানানো হয়েছে, জেলায় জেলায় বিশেষ শিবিরের মাধ্যমে যুবসাথী ও খেতমজুরদের ভাতা সংক্রান্ত আবেদনপত্র বিলি ও জমা নেওয়া হবে। পাশাপাশি, এই শিবিরগুলিতে ‘লক্ষ্মীর ভান্ডার’-এর নতুন আবেদনও গ্রহণ করা হবে। পুরো কর্মসূচি ‘দুয়ারে সরকার’-এর আদলে পরিচালিত হবে বলে প্রশাসনিক সূত্রে খবর। গত ৫ ফেব্রুয়ারি রাজ্যের অন্তর্বর্তিকালীন বাজেটে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যুবসাথী প্রকল্পের ঘোষণা করেন। প্রাথমিক ভাবে জানানো হয়েছিল, আগামী ১৫ অগস্ট থেকে এই প্রকল্প চালু হবে। তবে ১০ ফেব্রুয়ারি নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, প্রকল্পটি ১ এপ্রিল থেকেই কার্যকর হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী ১৫ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনপত্র বিলির সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

আজ থেকে শুরু হচ্ছে রঞ্জি ট্রফির দু’টি সেমিফাইনাল। বাংলা মুখোমুখি জম্মু ও কাশ্মীরের। এ বার দুর্দান্ত ফর্মে রয়েছে লক্ষ্মীরতন শুক্লের দল। একটিও ম্যাচ না হেরে এবং সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে নক-আউটে উঠেছে বাংলা। কোয়ার্টার ফাইনালে অন্ধ্রপ্রদেশকে ইনিংসে হারিয়েছেন অভিমন্যু ঈশ্বরণ-অনুষ্টুপ মজুমদারেরা। মাত্র ১ রানের জন্য ত্রিশতরান পাননি সুদীপ ঘরামি। অন্য দিকে মধ্যপ্রদেশকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে জম্মু-কাশ্মীর। কল্যাণীতে খেলা শুরু সকাল ৯টা থেকে। অন্য সেমিফাইনালে লড়াই উত্তরাখন্ড ও কর্নাটকের। লখনৌয়ে এই ম্যাচ শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আইএসএলে আজ অভিযান শুরু করছে মহমেডান। খেলা জামশেদপুরের সঙ্গে। এটি মহমেডানের অ্যাওয়ে ম্যাচ। খেলা শুরু বিকেল ৫টা থেকে। এ ছাড়াও রয়েছে বেঙ্গালুরু এবং স্পোর্টিং দিল্লির খেলা। এই ম্যাচ সন্ধ্যা ৭:৩০ থেকে। দু’টি খেলাই দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও ফ্যানকোড অ্যাপে।

আজ মাঠে নামছে ভারতের মহিলা ক্রিকেট দলও। হরমনপ্রীত কৌর-স্মৃতি মন্ধানারা গিয়েছেন অস্ট্রেলিয়া সফরে। মোট তিনটি টি-টোয়েন্টি, তিনটি এক দিনের ম্যাচ এবং একটি টেস্ট রয়েছে। আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। খেলা শুরু দুপুর ১:৪৫ থেকে।

News of the Day ICC T20 World Cup 2026 Mamata Banerjee India Women Cricket team ISL 2026 Ranji Trophy 2025-26 India vs Pakistan cricket Bangladesh general election
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy