Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_03-05-26

যৌন নির্যাতনে অভিযুক্ত ব্রিজভূষণের এলাকায় কুস্তি প্রতিযোগিতা! প্রতিবাদ বিনেশের, কুস্তি সংস্থা জানিয়ে দিল, জায়গা পাল্টানো হবে না

কুস্তিগিরদের যৌন নির্যাতনে অভিযুক্ত হয়েছিলেন ব্রিজভূষণ শরণ সিংহ। তাঁর এলাকা উত্তরপ্রদেশের গোন্ডাতেই আসন্ন জাতীয় কুস্তি প্রতিযোগিতা রাখা হয়েছে। রবিবার ভিডিয়ো বার্তা করে প্রতিবাদ করলেন বিনেশ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ২০:০৩
sports

বিনেশ ফোগাট। — ফাইল চিত্র।

কুস্তিগিরদের যৌন নির্যাতনে অভিযুক্ত হয়েছিলেন ব্রিজভূষণ শরণ সিংহ। প্রাক্তন কুস্তিকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছিলেন বিনেশ ফোগাট-সহ ছ’জন কুস্তিগির। সেই ব্রিজভূষণের এলাকা উত্তরপ্রদেশের গোন্ডাতেই আসন্ন জাতীয় ওপেন র‌্যাঙ্কিং কুস্তি প্রতিযোগিতা রাখা হয়েছে। রবিবার ভিডিয়ো বার্তা করে প্রতিবাদ করলেন বিনেশ। জানালেন, তাঁর কিছু হলে সরকার দায়ী থাকবে। জাতীয় কুস্তি সংস্থা জানিয়ে দিয়েছে, শেষ মুহূর্তে জায়গা পাল্টানো সম্ভব নয়।

১৮ মাস পর কুস্তির ম্যাটে ফিরছেন বিনেশ। তাঁর ধারণা, ম্যাচের ফলাফল বদলে দেওয়া হতে পারে। এমনকি যৌন নির্যাতনের প্রতিবাদ করায় তাঁর উপরেও অবিচার করা হতে পারে। বিনেশ বলেছেন, “যদি আমার, আমার দল বা সমর্থকের উপরে কোনও খারাপ ঘটনা ঘটে তা হলে ভারত সরকার দায়ী থাকবে। এমন এলাকায় প্রতিযোগিতা হচ্ছে যেখানে ওর (ব্রিজভূষণ) প্রবল প্রতিপত্তি রয়েছে। কে ম্যাচ পরিচালনা করবে, কত পয়েন্ট দেওয়া হবে, কে ম্যাট চেয়ারম্যান হবে সব ওর নিয়ন্ত্রণে থাকবে।”

যদিও কুস্তি সংস্থা জায়গা পাল্টাতে রাজি নয়। জাতীয় কুস্তি সংস্থার সভাপতি সঞ্জয় সিংহ পিটিআই-কে বলেছেন, “বিনেশ নিরাপত্তা নিয়ে ভীত হলে আমি ব্যক্তিগত ভাবে ওকে আশ্বস্ত করছি। আমরা আন্তর্জাতিক কুস্তি সংস্থার অনুমোদিত রেফারিদের দিয়ে ম্যাচ পরিচালনা করাব। তাই পক্ষপাতিত্বের প্রশ্নই নেই। তা ছাড়া এটা ওপেন প্রতিযোগিতা। সকলের খেলা বাধ্যতামূলক নয়। বিনেশ খেলবে কি না সেটা ও-ই ঠিক করুক। আমরা জায়গা পাল্টাব না।”

প্রতিযোগিতায় ১৪০০ কুস্তিগির অংশ নেবেন। সেই বিষয়টি উল্লেখ করে সঞ্জয় বলেছেন, “১৪০০ কুস্তিগির যেখানে অংশ নিচ্ছে এবং খেলতে আসার জন্য রওনা দিয়েছে, থাকার ব্যবস্থা করে ফেলেছে, সেখানে হঠাৎই করে জায়গা এবং সূচি বদলানো কি সম্ভব? কেন বাকি কুস্তিগিরদের অসুবিধায় ফেলব আমরা?”

প্যারিস অলিম্পিক্সের ফাইনালে উঠেও ওজন বেশি হওয়ার কারণে বাদ পড়েছিলেন বিনেশ। তার পর কংগ্রেসের টিকিটে জিতে হরিয়ানার জুলনার বিধায়ক হয়েছেন। সম্প্রতি অনুশীলনে ফিরেছেন। বিনেশ বলেছেন, “আমি আলাদা কোনও পরিষেবা চাই না। আমি চাই ক্রীড়াবিদদের কঠোর পরিশ্রম সঠিক মর্যাদা পাক।”

বিনেশের আশঙ্কা, তাঁকে মানসিক চাপ দেওয়া হতে পারে। তিনি বলেছেন, “অভিযোগ জানানো ছ’জনের মধ্যে আমি একজন। মামলা এখনও আদালতে রয়েছে এবং সাক্ষীদের পরীক্ষা করা হচ্ছে। সেখানে ওর এলাকায় খেলতে নামা, ওর নিয়ন্ত্রিত ব্যক্তিদের সামনে থাকা আমার উপরে মানসিক চাপ সৃষ্টি করেছে। আমি নিশ্চিত ভাবেই ১০০ শতাংশ দিতে পারব না।”

Vinesh Phogat wrestling Brij Bhushan Sharan Singh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy