ভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ সিংহের বিরুদ্ধে আন্দোলনে একসঙ্গে ছিলেন তাঁরা। আরও এক বার বিনেশ ফোগাটের পাশে দাঁড়ালেন সাক্ষী মালিক। অবসর ভেঙে কুস্তিতে ফেরার চেষ্টা করছেন বিনেশ। তাঁর লক্ষ্য এশিয়ান গেমস। কিন্তু তাঁকে এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনের প্রতিযোগিতায় নামার অনুমতি দেয়নি ভারতীয় কুস্তি সংস্থা। সেই ঘটনায় এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়েছেন সাক্ষী।
সমাজমাধ্যমে একটি ভিডিয়োবার্তায় নিজের কথা জানিয়েছেন সাক্ষী। অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগির প্রথমেই জানান, বিনেশ এখন কংগ্রেসের বিধায়ক। তিনি নিজে রাজনীতির মধ্যে ঢুকতে চান না। কিন্তু যেহেতু বিনেশ একজন মা, তাই এই আবেদন করছেন তিনি।
সাক্ষী বিভিন্ন দেশের উদাহরণ টেনে নিয়ম শিথিল করার অনুরোধ করেছেন। তিনি বলেন, “আমি অনেক দেশের ক্রীড়া সংস্থার উদাহরণ দিতে পারি, যেখানে মহিলা ক্রীড়াবিদদের জন্য নিয়ম শিথিল করা হয়েছে। পরবর্তীকালে তাঁরা পদকও জিতেছেন। কিন্তু আমাদের দেশে তা হচ্ছে না। বিনেশের প্রত্যাবর্তনের দু’দিন আগে একটা নিয়ম জানানো হল, যাতে সে প্রতিযোগিতায় নামতে পারবে না।”
সাক্ষী আরও বলেন, “আমি প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ও ভারতীয় কুস্তি সংস্থাকে অনুরোধ করছি, বিনেশকে ট্রায়ালে নামার অনুমতি দিন। ও দেশের জন্য পদক আনতে পারে। মা হয়ে যাওয়ার পরেও যে একজন মহিলা পদক জিততে পারে, সেই দৃষ্টান্ত হয়ে উঠতে পারে বিনেশ। দয়া করে একজন মায়ের লড়াইয়ের অধিকার কাড়বেন না।”
উত্তরপ্রদেশের গোন্ডায় ন্যাশনাল ওপেন র্যাঙ্কিং প্রতিযোগিতা চলছে। এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনের জন্য এই প্রতিযোগিতাই শেষ সুযোগ। কুস্তি থেকে অবসরের ১৮ মাস পরে আবার কুস্তিতে ফেরার চেষ্টা করছেন বিনেশ। এশিয়ান গেমসে যোগ্যতা অর্জন করতে এই প্রতিযোগিতায় নামতে হত তাঁকে। কিন্তু তাঁর বিরুদ্ধে ওঠা শৃঙ্খলাভঙ্গের অভিযোগ খতিয়ে দেখার আগে তাঁকে নামতে দেয়নি ফেডারেশন।
ভারতীয় কুস্তি সংস্থা জানিয়েছে, ডোপবিরোধী আইন অনুযায়ী, অবসর ভেঙে ঘরোয়া প্রতিযোগিতায় ফিরতে হলে ছ’মাসের নোটিস পিরিয়ড কাটাতে হয় কুস্তিগিরদের। সেই নিয়ম অনুযায়ী বিনেশ ২৬ জুনের আগে খেলতে পারবেন না। কিন্তু বিনেশের দাবি, এই নিয়ম তাঁর ক্ষেত্রে কার্যকর নয়। কারণ, তিনি ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং-কে (ইউডব্লিউডব্লিউ) গত বছর জুন মাসে জানিয়েছিলেন যে, আবার কুস্তিতে ফিরতে চান। ফলে অবসর ভেঙে কুস্তিতে ফেরার প্রক্রিয়া পূর্ণ করে ফেলেছেন তিনি। বিনেশ গোন্ডায় পৌঁছেও গিয়েছেন।
সূত্রের খবর, বিনেশের জবাবে সন্তুষ্ট নয় কুস্তি সংস্থা। কারণ, বিনেশ শুধুমাত্র তাঁর প্রত্যাবর্তনের নিয়মের জবাব দিয়েছেন। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ, ডোপ পরীক্ষা না দেওয়ার যে অভিযোগ উঠেছে, তার কোনও জবাব দিতে পারেননি এশিয়ান গেমস ও কমনওয়েলথে সোনাজয়ী কুস্তিগির। সংবাদসংস্থা পিটিআই-কে এক আধিকারিক বলেন, “এই জবাব যথেষ্ট নয়। কারণ, শো-কজ়ের পুরো জবাব বিনেশ দেননি। তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগের তদন্ত না হওয়া পর্যন্ত বিনেশ প্রতিযোগিতায় নামতে পারবেন না।”
আরও পড়ুন:
২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠেছিলেন বিনেশ। কিন্তু ফাইনালের দিন সকালে তাঁর ওজন ১০০ গ্রাম বেশি হওয়ায় বিনেশকে বাদ দেওয়া হয়। মামলা করেও কোনও লাভ হয়নি। তার পরেই কুস্তি থেকে অবসর নেন তিনি। ভারতীয় কুস্তি সংস্থার বিরুদ্ধে অভিযোগও করেন বিনেশ। ১৮ মাস পরে আবার কুস্তিতে ফেরার চেষ্টা করছেন বিনেশ। তাঁর অভিযোগ, জোর করে তাঁকে ন্যাশনাল ওপেন র্যাঙ্কিং প্রতিযোগিতায় নামতে দেওয়া হচ্ছে না।
পাল্টা অভিযোগ করেছে কুস্তি সংস্থা। তাদের দাবি, বিনেশের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ, কুস্তি সংস্থার নিয়ম ভাঙা ও ডোপ পরীক্ষা না দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে। এমনকি, এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনের প্রক্রিয়া নিয়েও অসত্য কথা বলেছেন বিনেশ। ফলে গোন্ডা পৌঁছেও প্রতিযোগিতায় নামতে পারবেন না বিনেশ। এখন দেখার সাক্ষীর অনুরোধের পর পরিস্থিতি বদলায় কি না।