ব্যাপক লোকসানের মুখে পড়েছে স্যামসাঙের স্মার্টফোন! অন্য দিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দক্ষিণ কোরিয় বৈদ্যুতিন সরঞ্জাম নির্মাণকারী সংস্থাটির মুনাফার অঙ্ক। কেন এই উলটপুরাণ? নেপথ্যে আছে কোন রহস্য? আনন্দবাজার ডট কম-এর এই প্রতিবেদনে রইল তার হদিস।
গত কয়েকমাসে স্মার্টফোনের দাম আকাশ ছুঁয়েছে বললে অত্যুক্তি হবে না। এর জেরে কমেছে মুঠোবন্দি ডিভাইস কেনার ঝোঁক। তবে স্মার্টফোনের চাহিদা কমেছে, এমন নয়। অনেকেই ভাবছেন দাম কমলে পছন্দের ডিভাইস কিনতে দোকানে যাবেন তাঁরা। যদিও বর্তমান পরিস্থিতিতে কার্যত সেটা অসম্ভব বলেই মনে করছেন বিশ্লেষকদের একাংশ।
আরও পড়ুন:
টেক বিশেষজ্ঞদের কথায়, স্মার্টফোনের বিক্রি কমায় ঊর্ধ্বমুখী হয়েছে স্যামসাঙের লোকসানের সূচক। ফলে চলতি বছরের (২০২৬ সাল) প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) বড়সড় ধাক্কা খায় তাদের ব্যবসা। কিন্তু, এই সময়সীমার মধ্যেই বিপুল মুনাফা করেছে দক্ষিণ কোরিয় সংস্থাটির বৈদ্যুতিন সরঞ্জামের বিভাগ। আর সেটা ৫০ বা ১০০ শতাংশ নয়। একলাভে তাদের লাভের অঙ্ক বেড়েছে চার গুণ।
দুনিয়া জুড়ে কৃত্রিম মেধা বা এআইয়ের (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) বাড়বাড়ন্তের জেরে মারাত্মক ভাবে বৃদ্ধি পেয়েছে স্টোরেজ়, র্যাম এবং চিপের চাহিদা। স্মার্টফোন, স্মার্টটিভির মতো পণ্য তৈরির পাশাপাশি বর্তমানে বহুল পরিমাণে এগুলি তৈরি করছে স্যামসাং। যা খোলা বাজারে বিক্রি করে মুনাফার টাকা ঘরে তুলছে দক্ষিণ কোরিয় সংস্থাটি।
স্যামসাঙের একটি ঘোষণার থেকে বিষয়টি বুঝে নেওয়া যেতে পারে। সম্প্রতি দক্ষিণ কোরিয় সংস্থাটি জানিয়েছে, নতুন করে এলপিডিডিআর ৫এস র্যাম এবং ইউএফএস ১.৪ স্টোরেজ তৈরির কোনও বরাত নেবে না তাঁরা। আগে পাওয়া অর্ডার সময়ের মধ্যে শেষ করতে পারাই যে আপাতত সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছে তারা।