Advertisement
E-Paper

আইফোন-আইপ্যাড-ম্যাকবুক ব্যবহারে সাবধান! অ্যাপ্‌লের এই তিন ডিভাইস নিয়ে পরামর্শ-বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র

আইফোন, অ্যাইপ্যাড এবং ম্যাকবুক ব্যবহারকারীদের সতর্ক করে এ বার বিশেষ পরামর্শ-বিজ্ঞপ্তি (অ্যাডভাইসরি) জারি করল কেন্দ্রীয় সংস্থা সিইআরটি-ইন। কিন্তু, কেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১৬:১১
Representative Picture

—প্রতীকী ছবি।

আইফোন ব্যবহারে সাবধান! যখন-তখন হ্যাক হতে পারে মার্কিন টেক জায়ান্ট অ্যাপ্‌লের এই ডিভাইস। নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছে আইপ্যাড এবং ম্যাকবুকেও। আর তাই গ্রাহকদের সতর্ক করে বিশেষ পরামর্শ-বিজ্ঞপ্তি (অ্যাডভাইসরি) জারি করল কেন্দ্র। সেখানে কোন কোন অপারেটিং সিস্টেম সাইবার অপরাধীদের আক্রমণের শিকার হতে পারে, তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।

চলতি বছরের ১৯ মার্চ আইফোন, আইপ্যাড এবং ম্যাকবুক নিয়ে বিশেষ পরামর্শ-বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রের ‘ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম’ (সিইআরটি-ইন)। সেই নির্দেশিকায় ম্যাকওএসের ১৩.৫, ১৪.২ এবং ১৪.৩-এর আগের যাবতীয় অপারেটিং সিস্টেম ব্যবহারে বাড়তি সতর্ক হতে বলা হয়েছে। আইফোন এবং আইপ্যাডের ক্ষেত্রে ১৫.৮.৭, ১৬.৭.৫, ১৬.৭.১৫ এবং ১৭.৩ অপারেটিং সিস্টেম হ্যাকিংয়ের আশঙ্কার কথা জানিয়েছে ওই কেন্দ্রীয় প্রতিষ্ঠান।

এ ছাড়া অ্যাপ্‌লের ঝুঁকিপূর্ণ অপারেটিং সিস্টেমগুলির তালিকায় ‘সাফারি’কে অন্তর্ভুক্ত করেছে সিইআরটি-ইন। কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সমস্ত ডিভাইসের সফ্‌টঅয়্যার সাম্প্রতিক অতীতে আপডেট করা হয়নি, সেগুলিকেই বেছে বেছে নিশানা করছে সাইবার অপরাধীরা। ফলে এ ব্যাপারেও গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, অ্যাপ্‌লের সংশ্লিষ্ট অপারেটিং সিস্টেমগুলিকে ‘উচ্চ মাত্রায় ঝুঁকিপূর্ণ’ শ্রেণিতে রেখেছে সিইআরটি-ইন। কেন্দ্রীয় সংস্থাটি জানিয়েছে, হ্যাকার অনায়াসেই সংশ্লিষ্ট সফ্‌টঅয়্যারে কোড প্রবেশ করাতে পারছে। ফলে গ্রাহকের যাবতীয় গোপন তথ্য হাতে পেতে খুব একটা সমস্যা হচ্ছে না তাদের। তা ছাড়া সাইবার আক্রমণের জেরে ডিভাইসের ‘মস্তিষ্ক’ (পড়ুন মেমোরি) থেকে যাবতীয় তথ্য মুছে যাওয়ার বিপদকেও উড়িয়ে দিচ্ছেন না তারা।

নির্দেশিকায় সম্ভাব্য বিপদ থেকে রক্ষা পাওয়ার একাধিক উপায় বাতলেছে সিইআরটি-ইন। গ্রাহকদের অবিলম্বে অ্যাপ্‌লের সংশ্লিষ্ট ডিভাইসগুলির সফট্‌অয়্যার আপডেটের পরামর্শ দেওয়া হয়েছে। অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণটি চালু রয়েছে কি না সেটা অবশ্যই দেখতে হবে তাঁদের। পাশাপাশি, ‘সাফারি’র ক্ষেত্রে কম্পোনেন্ট আপডেট করতে বলেছে কেন্দ্রীয় সংস্থা।

iphone Ipad MacBook Pro Tech tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy