স্মার্টফোনের বাজারে ইন্দ্রপতন? বন্ধ হয়ে যাচ্ছে ওয়ানপ্লাস? সম্প্রতি এমনটাই দাবি করেছে বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ সংস্থা। পাশাপাশি সমাজমাধ্যমেও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই খবর। কারও কারও আবার বক্তব্য, ভারত থেকে ধীরে ধীরে ব্যবসা গুটোচ্ছে সংশ্লিষ্ট চিনা বৈদ্যুতিন সরঞ্জাম নির্মাণকারী সংস্থা। কিন্তু আসল সত্যিটা কী? এ বার তার হদিস দিল আনন্দবাজার ডট কম।
দীর্ঘ দিন ধরেই ওয়ানপ্লাসের ব্যবসায় চলছে ডামাডোল। স্মার্টফোনের ডিসপ্লেতে সবুজ রেখার (গ্রিন লাইন) সমস্যার জেরে চিনা সংস্থাটির ব্র্যান্ডের যথেষ্টই বদনাম হয়েছে। বর্তমানে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। এ-হেন পরিস্থিতিতে ওয়ানপ্লাস মোবাইল ফোন উৎপাদনের কারখানা বন্ধ করছে বলে খবর প্রকাশ করে বেশ কিছু গণমাধ্যম। তাদের দাবি, কর্মীদের বাড়ি চলে যাওয়ার নোটিসও জারি করেছে ওই চিনা সংস্থা।
গণমাধ্যমে এই খবর প্রকাশিত হতেই ওয়ানপ্লাসের বাড়তে থাকে বিড়ম্বনা। শেষে বিতর্কে জল ঢালতে সামনে এসে বিবৃতি দেন খোদ সংস্থার চিফ একজ়িকিউটিভ অফিসার (সিইও) রবিন লিউ। এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) করা একটি পোস্টে তিনি বলেন, ‘‘মোবাইল ফোনের দুনিয়া ত্যাগ করছে না ওয়ানপ্লাস। ভারতেও ব্যবসা বন্ধ করার কোনও প্রশ্ন নেই।’’ বরং নতুন কিছু মুঠোবন্দি ডিভাইস বাজারে আনার পরিকল্পনা রয়েছে তাদের। সেগুলির মাধ্যমে নতুন করে বাজার কাঁপাতে চাইছে সংশ্লিষ্ট চিনা সংস্থা।
ওয়ানপ্লাসের সিইও-র এই মন্তব্যে বেজায় খুশি গ্যাজেট বিশ্লেষকেরা। তাঁদের দাবি, বর্তমানে ভারতের মোবাইল ফোনের বাজারে স্যামসাং এবং অ্যাপ্লের একাধিপত্য রয়েছে। এ ছাড়া বেশ কিছু দুর্দান্ত মডেল তৈরি করে গ্রাহকদের নজর কেড়েছে ভিভো, ওপো, রেডমি ও রিয়্যালমির মতো চিনা সংস্থা। সেখানে ওয়ানপ্লাস থাকলে বাড়বে প্রতিযোগিতা। তখন মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের কথা ভেবে সস্তায় আরও ভাল মডেল বাজারে আনার কথা চিন্তা করবে এই সমস্ত সংস্থা।
গত বছরের (পড়ুন ২০২৫ সাল) ১৩ নভেম্বর ওয়ানপ্লাস-১৫ নামের একটি ফ্ল্যাগশিপ ফোন বাজারে আনে সংশ্লিষ্ট চিনা সংস্থা। ওই মুঠোবন্দি ডিভাইসটির প্রথম চিপটি প্রকৃতপক্ষে এর প্রসেসার। সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের ৮ এলিট জেন ৫ ব্যবহার করেছে নির্মাণকারীরা। একে বর্তমান সময়ের সবচেয়ে সেরা প্রসেসার বললে অত্যুক্তি হবে না। ফ্ল্যাগশিপ ফোনে ওয়ানপ্লাস যে এই ধরনের চমক দেবে, তা আশা করেছিলেন গ্যাজেট বিশ্লেষকদের একাংশ।