প্রেমের সপ্তাহ মানুন বা না মানুন, পছন্দের মানুষের জন্য এই সপ্তাহে একটু বিশেষ উদ্যোগ নিতে ক্ষতি কী? প্রেম দিবসে আর কিছু না হোক, প্রিয়জনকে একটু সময় উপহার দেওয়ার কথা তো ভেবে দেখাই যায়। বাড়িতেই সঙ্গীর সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত, সঙ্গে তাঁর পছন্দের খানাপিনা, আর কী-ই বা চাই! ভালমন্দ খাওয়াদাওয়ার পর একটু মিষ্টিমুখ না করলেই নয়। মিষ্টি দিয়েই সম্পর্কে আসুক মিষ্টতা, প্রিয়জনের জন্য স্ট্রবেরি দিয়েই বানিয়ে ফেলুন তিনটি ডেসার্ট রেসিপি।
১) প্রথম রেসিপিতে স্ট্রবেরিগুলি ভাল করে ধুয়ে নিন। এ বার সেগুলি ভাল করে মুছে নিন, যেন গায়ে জল না থাকে। এ বার মিল্ক চকোলেটে সামান্য মাখন মিশিয়ে মাইক্রোওয়েভে গলিয়ে নিন। মাইক্রোওয়েভ না থাকলে গরম জলের বাটির উপর বসিয়েও গলিয়ে নিতে পারেন। এ বার স্ট্রবেরিগুলি চকোলেটে ডুবিয়ে বাটার পেপারের উপরে বসিয়ে ফ্রিজ়ারে রেখে দিন। ঘণ্টাখানেকের মধ্যেই তৈরি হয়ে যাবে দারুন ডেসার্ট।
মিষ্টি দিয়েই সম্পর্কে আসুক মিষ্টতা। ছবি: শাটারস্টক।
২) দ্বিতীয় রেসিপির জন্য স্ট্রবেরিগুলি ছোট ছোট টুকরো করে কেটে নিন। গ্রিক ইয়োগার্টের সঙ্গে চিনির গুঁড়ো আর স্ট্রবেরিগুলি মিশিয়ে নিন। এ বার বাটার পেপারের উপর চামচে করে ছোট ছোট গোলের আকারে মিশ্রণটি ঢেলে দিন। ফ্রিজ়ারে রেখে দিন। এর পর ডার্ক চকোলে্টে সামান্য মাখন মিশিয়ে মাইক্রোওয়েভে গলিয়ে নিন। মাইক্রোওয়েভ না থাকলে গরম জলের বাটির উপর বসিয়েও গলিয়ে নিতে পারেন। ফ্রিজ়ার থেকে স্ট্রবেরির চাকতিগুলি বার করে চকোলেটে ডুবিয়ে বাটার পেপারের উপরে বসিয়ে ফ্রিজ়ারে রেখে দিন। তৈরি হয়ে যাবে মনের মতো ডেসার্ট।
৩) তৃতীয় রেসিপির জন্য স্ট্রবেরি জ্যাম বাটার পেপারের উপর রেখে ফ্রিজ়ারে জমিয়ে নিন। এ বার ডার্ক চকোলেটকে সামান্য মাখন মিশিয়ে মাইক্রোওয়েভ বা গরম জলের বাটির উপর বসিয়েও গলিয়ে নিতে পারেন। ফ্রিজ়ার থেকে স্ট্রবেরি জ্যামের চাকতিগুলি বার করে চকোলেটে ডুবিয়ে বাটার পেপারের উপরে ছড়িয়ে ফ্রিজ়ারে রেখে দিন। তৈরি হয়ে যাবে আরও একটি সহজ ডেসার্ট।