Advertisement
E-Paper

‘১৭ বছর বিজেপির পাশে’! মুখ্যমন্ত্রী হয়ে প্রথম উত্তরবঙ্গ সফরে এসে শুভেন্দু বললেন, ‘আমরা ঋণ শোধ করব’

শুভেন্দু অধিকারী জানান, ২০০৯ সাল থেকে বিজেপির পাশে উত্তরবঙ্গ। এ বার বিজেপির দেওয়া সব নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করা হবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ১২:১৫
Chief Minister Subhendu Adhikari visits North Bengal

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। — ফাইল চিত্র।

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম উত্তরবঙ্গ সফরে গেলেন শুভেন্দু অধিকারী। বাগডোগরায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ২০০৯ সাল থেকে বিজেপির পাশে রয়েছে উত্তরবঙ্গ। তার পরেই জানান, এ বার ঋণ শোধের পালা। বিজেপির দেওয়া সব নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করা হবে।

বুধবার উত্তরবঙ্গে ঝটিকা সফরে গিয়েছেন শুভেন্দু। প্রশাসনিক সভা থেকে শুরু করে একাধিক কর্মসূচি সেরে বিকেলেই কলকাতায় ফিরবেন তিনি। উত্তরবঙ্গ বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি। লোকসভা হোক বা বিধানসভা— গত এক দশক ধরে এই উত্তরবঙ্গে ভাল ফল করছে বিজেপি। সেই কথা স্মরণ করে শুভেন্দু বলেন, ‘‘২০০৯ সাল থেকে বিজেপি-কে পাহাড়-সহ উত্তরবঙ্গ জায়গা দিয়েছে। এ বার উন্নয়নের মাধ্যমে সেই ঋণ শোধ করব।’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটপ্রচারে এসে উত্তরবঙ্গের জন্য যা যা প্রতিশ্রুতি দিয়েছেন, তা পূরণ করা হবে বলেও জানান শুভেন্দু।

প্রশাসনিক কাজকর্ম খতিয়ে দেখতে এবং সার্বিক উন্নয়নের রূপরেখা তৈরি করার লক্ষ্য নিয়ে উত্তরবঙ্গ সফরে শুভেন্দু। বাগডোগরায় তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ রাজু বিস্তা-সহ উত্তরবঙ্গের বিজেপি নেতৃত্ব। উত্তরবঙ্গে পা দিয়েই সেখানকার উন্নয়নের কথা বললেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী এ-ও জানান, প্রতি মাসে এক বার করে তিনি এবং তাঁর মন্ত্রিসভার সদস্যেরা উত্তরবঙ্গে আসবেন। পাশাপাশি শুভেন্দু বলেন, ‘‘এ বার থেকে প্রতি সপ্তাহে উত্তরকন্যায় বসবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। শুনবেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ।’’ উল্লেখ্য, এ বারের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের ৫৪টি আসনের মধ্যে বিজেপি একাই জিতেছে ৪০টি।

উন্নয়ন ছাড়াও শুভেন্দুর মুখে শোনা যায় উত্তরবঙ্গের আইনশৃঙ্খলার কথাও। তিনি জানান, আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের অনমনীয় নীতি বজায় থাকবে। তাঁর কথায়, ‘‘রাজ্যে কোনও ভাবেই তোলাবাজি, গুন্ডাগিরি বা আইনশৃঙ্খলার অবনতি সহ্য করা হবে না। যাঁরা ভাবছেন পুরনো কায়দায় পার পেয়ে যাবেন, তাঁরা ভুল ভাবছেন। আইন আইনের পথেই চলবে।’’ পাশাপাশি, উত্তরবঙ্গের চা বলয়, পর্যটন এবং বন্ধ বা থমকে যাওয়া কেন্দ্রীয় ও রাজ্য প্রকল্পগুলিকে দ্রুত গতিতে বাস্তবায়িত করাই বুধবারের প্রশাসনিক বৈঠকের মূল লক্ষ্য, তা-ও তিনি আকারে-ইঙ্গিতে স্পষ্ট করে দেন।

প্রসঙ্গত, ২০০৯ সালে দার্জিলিং লোকসভা কেন্দ্রে জিতেছিল বিজেপি। সে বার বিজেপির টিকিটে ওই কেন্দ্র থেকে জিতেছিলেন যশবন্ত সিংহ। ২০১৪ সালেই দার্জিলিং লোকসভা কেন্দ্র ধরে রেখেছিল বিজেপি। সে বছর ওই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া। ২০১৯ সাল থেকে টানা ওই কেন্দ্রে জিতছেন রাজু বিস্তা।

Suvendu Adhikari BJP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy