Advertisement
E-Paper

বিধানসভা ভোটের প্রস্তুতিতে জঙ্গিপুর ও বহরমপুরে ‘জেলা কোর কমিটি’ গঠন তৃণমূলের

শনিবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুর্শিদাবাদ জেলায় এই দুটি কোর কমিটির গঠন করা হয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৫
Preparations for assembly elections strengthened, TMC formed district election core committee in Jangipur and Baharampur

—প্রতীকী চিত্র।

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে জঙ্গিপুর এবং বহরমপুর সাংগঠনিক জেলায় কোর কমিটি গঠনের ঘোষণা করল তৃণমূল। শনিবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দল জানিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই দু’টি কমিটি গঠন করা হয়েছে।

তৃণমূলের তরফে জানানো হয়েছে, জঙ্গিপুর সাংগঠনিক জেলায় ১০ সদস্যের জেলা নির্বাচন কোর কমিটি গঠন করা হয়েছে। কোর কমিটির তালিকায় রয়েছেন ফরাক্কার বিধায়ক আমিরুল ইসলাম, খড়গ্রামের বিধায়ক আশিস মারজিত, সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস, সুতির বিধায়ক ইমানি বিশ্বাস, জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী তথা রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান, নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, শামসেরগঞ্জের বিধায়ক মনিরুল ইসলাম এবং লালগোলার বিধায়ক মোহাম্মদ আলি।

অন্য দিকে, বহরমপুর সাংগঠনিক জেলায় ১৬ সদস্যের জেলা নির্বাচন কোর কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন রানিনগরের বিধায়ক সৌমিক হুসেন, জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাক, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, কান্দির বিধায়ক অপূর্ব সরকার, গোলাম মুর্শেদ, বেলডাঙার বিধায়ক হাসানুজ্জামান শেখ, মহালাম শেখ, মোস্তাফিজুর রহমান, নাড়ুগোপাল মুখোপাধ্যায়, নজরুল ইসলাম, হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ, রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী, ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার, নওদার বিধায়ক শাহিনা মুমতাজ খান, প্রাক্তন বিধায়ক শাওনি সিংহ রায় এবং বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান।

রাজনৈতিক মহলের মতে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলার ২২টি আসনের মধ্যে ২০টিতে জয় পেয়েছিল তৃণমূল। দু’টি আসন জিতেছিল বিজেপি। শূন্য হয়ে গিয়েছিল বামফ্রন্ট ও কংগ্রেস। কিন্তু এ বারের নির্বাচনে মুর্শিদাবাদের ফল ধরে রাখা বড় চ্যালেঞ্জ তৃণমূল নেতৃত্বের কাছে। কংগ্রেস ও বামফ্রন্টের জোট ভেঙে যাওয়ায় তারা উভয়ই ২২টি আসনে প্রার্থী দেবে। এ ছাড়াও বাবরি মসজিদ নির্মাণকে হাতিয়ার করে হুমায়ুন কবীর মুর্শিদাবাদের ২২টি আসনে প্রভাব ফেলতে পারে। এ ক্ষেত্রে আবার আসাদউদ্দীন ওয়েইসীর দল এআইএমএমআইএমের (মিম) সঙ্গে জোট করে হুমায়ুনের জনতা উন্নয়ন পার্টি ভোটের ময়দানে নামবে। তাই বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে বুথ স্তর পর্যন্ত সক্রিয় ও সমন্বিত করতে এই ধরনের কোর কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বিশেষজ্ঞদের ধারণা, প্রার্থী নির্বাচন, প্রচার কৌশল নির্ধারণ এবং কর্মী সংগঠনের সমন্বয়ে এই কমিটিগুলি মুখ্য দায়িত্ব পালন করবে। ফলে, নির্বাচনকে সামনে রেখে জেলার রাজনৈতিক তৎপরতা যে আরও বাড়তে চলেছে, তা স্পষ্ট বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

Jangipur baharampur TMC TMC Core Committee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy