Advertisement
E-Paper

প্রেমিককে নিয়ে রেজিস্ট্রি অফিসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, প্রেম দিবসে বিয়ে করতে গিয়ে আটক! তবে কারণ অন্য

প্রেমিকের বাড়ি বাঁকুড়ায়। শনিবার ‘ভ্যালেন্টাইন্‌স ডে’-তে তাঁর সঙ্গে বিয়ের জন্য রেজিস্ট্রি অফিসে যাওয়া তরুণী থাকেন বর্ধমান শহরে। ছাত্রীটি বিদ্যার্থী গার্লস স্কুলে পড়াশোনা করেন এবং এ বছর উচ্চ মাধ্যমিক দিচ্ছেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৭
Bardhaman Couple Detained

গ্রাফিক: এআই সহায়তায় প্রণীত।

দ্বিতীয়পত্রের পরীক্ষা হয়ে গিয়েছে শুক্রবার। শনিবার কোনও পরীক্ষা নেই। তাই ছুটির দিন প্রেমিকের সঙ্গে বিবাহ নিবন্ধনের জন্য রেজিস্ট্রি অফিসে গিয়েছিলেন এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বিয়ে করতে গিয়ে ‘ভ্যালেন্টাইন্‌স ডে’-তে পুলিশের হাতে আটক হলেন যুগল। শনিবার দুপুরে বর্ধমান শহরের ঘটনা।

পুলিশ জানিয়েছে, বিয়ের রেজিস্ট্রি করার জন্য দু’জনকে ধরা হয়নি। তাঁদের স্কুটার থেকে পাওয়া গিয়েছে আগ্নেয়াস্ত্র। পরে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে যে, পাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং পাত্র একজন চাকরিপ্রার্থী।

পুলিশ সূত্রে খবর, প্রেমিকের বাড়ি বাঁকুড়ায়। শনিবার ‘ভ্যালেন্টাইন্‌স ডে’-তে তাঁর সঙ্গে বিয়ের জন্য রেজিস্ট্রি অফিসে যাওয়া তরুণী থাকেন বর্ধমান শহরে। প্রেমিকা বিদ্যার্থী গার্লস স্কুলে পড়াশোনা করেন এবং এ বছর উচ্চ মাধ্যমিক দিচ্ছেন। শনিবার পরীক্ষা না-থাকায় বিয়ের রেজিস্ট্রি করার পরিকল্পনা ছিল তাঁদের।

অন্য দিকে, পুলিশের কাছে খবর ছিল, বর্ধমান শহরের বুকে একটি স্কুটারের বুটে আগ্নেয়াস্ত্র রয়েছে। স্কুটারের নম্বর ইত্যাদি জোগাড় করে তক্কে তক্কে ছিল তারা। শনিবার ‘সন্দেহজনক স্কুটারে’ চেপে দু’জনকে বর্ধমানের গোলাপবাগ মোড়ের দিকে যেতে দেখা যায়। সেইমতো তৈরি হয় তারা।

দুপুরে রেজিস্ট্রি অফিসের সামনে স্কুটার রেখে অফিসে ঢোকেন হবু বর-বউ। কিছু ক্ষণ পরে অফিস থেকে বেরিয়ে আসেন তাঁরা। স্কুটারের কাছে তাঁরা পৌঁছোতেই পাকড়াও করে পুলিশ। নির্দেশ মতো স্কুটারের বুট খোলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। দেখা যায়, ভিতরে একটি ছ’ঘড়ার রিভলভার! প্রেমিক-প্রেমিকা, দু’জনেই দাবি করেন ওই আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল, তাঁরা কেউ জানেন না। তাঁরা প্রেম দিবসে বিয়ের রেজিস্ট্রি করতে গিয়েছিলেন। সেখানে আর কথা বাড়ায়নি পুলিশ। দু’জনকে নিয়ে সোজা থানায় চলে যায় তারা।

নাতনিকে পুলিশে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়ে থানায় পৌঁছোন দিদিমা। তাঁর কথায়, ‘‘আমার নাতনি প্রতি দিনই স্কুটার ব্যবহার করে। নাচের স্কুল, টিউশন-সহ নানা দরকারে যায়। বাড়ির লোকও স্কুটারটি ব্যবহার করে। কোনও দিন কিছু হয়নি। আজ হঠাৎ পুলিশ কী ভাবে জানল যে স্কুটারের বুটে রিভলভার আছে! আমার মনে হচ্ছে, কেউ ওকে ফাঁসানোর চেষ্টা করছে।’’ পাশাপাশি, নাতনির রেজিস্ট্রি অফিসে যাওয়ার কথা শুনেও আকাশ থেকে পড়েছেন তিনি।

পুলিশ জানাচ্ছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি কার, কী ভাবে সেটি স্কুটারের বুটে এল এবং নেপথ্য কোনও চক্রান্ত রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।

Couple Detained Bardhaman Crime Arms Act
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy