শরীরচর্চা করতে গিয়ে জিমে বচসা। এক ঘুষিতে তরুণের খুলি ফাটিয়ে দিলেন অন্য এক তরুণ। তাতেই কোমায় চলে গেলেন আক্রান্ত তরুণ। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে কর্নাটকের হাসনের একটি জিমে এই ঘটনাটি ঘটেছে। আক্রান্ত তরুণের নাম কীর্তন। শরীরচর্চার সময় সামান্য ধাক্কাধাক্কি থেকে বিষয়টি চরম আকার নেয়। সেই ঘটনাটি ধরা পড়েছে একটি সিসিটিভি ফুটেজে। সমাজমাধ্যমে ফুটেজটি ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জিমের ভিতরে বেশ কয়েক জন তরুণ শরীরচর্চা করছেন। কালো রঙের জামা পরা এক তরুণের পাশ দিয়ে হেঁটে আসতে দেখা যায় কীর্তন নামের ওই তরুণকে। কালো জামা পরা তরুণের নাম বরুণ বলে জানা গিয়েছে। জিমে শরীরচর্চা করার সময় বরুণের সঙ্গে ধাক্কা লাগে কীর্তনের। এক কথা-দু’কথা হতে হতে বরুণ সজোরে কীর্তনের মুখ লক্ষ্য করে ঘুষি চালান বলে অভিযোগ। এর ফলে সেই তরুণ এখন আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, পরিস্থিতি হঠাৎ হাতাহাতিতে রূপ নেওয়ার আগে দুই ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি হয়। কয়েক সেকেন্ডের মধ্যেই কীর্তনের মাথায় সজোরে আঘাত করেন বরুণ। আঘাতটি এতটাই গুরুতর ছিল যে কীর্তন সঙ্গে সঙ্গে মেঝেতে লুটিয়ে পড়েন। ঘটনার পর অন্য সদস্যরা তাঁদের থামাতে দৌড়ে আসেন। মাটিতে লুটিয়ে পড়ে যাওয়া কীর্তনকে তুলে শুশ্রূষা করার চেষ্টা করেন। ফুটেজে একটি ভাঙা খুলির থ্রিডি স্ক্যানের পাশাপাশি সিটি স্ক্যানও দেখানো হয়েছে। আঘাতের ফলে তরুণের মস্তিষ্কে রক্তক্ষরণ এবং ফোলা ভাবও রয়েছে।
সমাজমাধ্যমে প্রকাশ্যে আসা ভিডিয়োটি দেখে এক নেটাগরিক দাবি করেছেন ভিডিয়োটি ২০২৫ সালের মে মাসের। গত ১৩ মে ‘ঘর কা কলেশ’ নামের এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করার পর তা কয়েক লক্ষ বার দেখা হয়েছে। ভিডিয়োয় হামলার দৃশ্যটি দেখে আঁতকে উঠেছেন নেটাগরিকেরা। সংবাদমাধ্যম সূত্রে খবর, হামলার পর কীর্তনের খুলিতে চিড় ধরেছে এবং তিনি কোমায় চলে যান। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ এই ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। পুলিশ জিমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করছে।