বিমানবন্দরের টারম্যাকে সিগারেট জ্বালিয়ে দিব্যি ধূমপান করলেন এক যাত্রী। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, এক ব্যক্তি বিমানবন্দরের টারম্যাকে এবং টার্মিনাল চত্বরের ভিতরে নির্বিঘ্নে ধূমপান করছেন। ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই বিমানবন্দরের নিরাপত্তা ও যাত্রীর আচরণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োটি কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা নিশ্চিত করা সম্ভব হয়নি। কেউ কেউ দাবি করেছেন ঘটনাস্থল মুম্বই বিমানবন্দর। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এটি বেঙ্গালুরুর বিমানবন্দরের ঘটনা। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিমানবন্দরের সংরক্ষিত এলাকার মধ্যে সিগারেট জ্বালিয়ে ধোঁয়া ছাড়ছেন এক যাত্রী। তাঁকে টারম্যাকে হাঁটতেও দেখা গিয়েছে। তাঁর পিছনে দাঁড়ানো একটি বিমান স্পষ্ট ভাবে দৃশ্যমান সেই ভিডিয়োয়। পরের দৃশ্যে দেখা গিয়েছে, বিমানবন্দরের ভিতরে একটি কাউন্টারে দাঁড়িয়ে কথা বলছেন তিনি। সেই সময় জানলা দিয়ে সরাসরি অপর পাশে থাকা এক কর্মীর দিকে ধোঁয়া ছাড়তে দেখা গিয়েছে তাঁকে। দু’টি দৃশ্যেই তাঁকে ধূমপান করতে নিষেধ করেন কর্মীরা। তৃতীয় দৃশ্যে দেখা গিয়েছে, সেই একই ব্যক্তি বিমান সংস্থার কর্মচারীর দিকে টাকা ছুড়ে নিজের বেতন নিয়ে নির্বিকার ভাবে বড়াই করছেন।
আরও পড়ুন:
ভিডিয়োটি এক্স হ্যান্ডলের ‘রমেশঅফিসিয়াল’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। পোস্টে দাবি করা হয়েছে যে, ওই ব্যক্তি গুগ্লের এক আধিকারিক। ভিডিয়োটি দেখার পর সমাজমাধ্যমে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। টারম্যাকে ধূমপান মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। বিমানের জ্বালানি হিসাবে ‘অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল’ ব্যবহার করা হয়। এ ছাড়াও অত্যন্ত দাহ্য বাষ্প বিমানবন্দরের চার পাশে প্রায়শই ভাসমান থাকে। বিশেষ করে জ্বালানি ভরার সময়। তাই সামান্য উৎস থেকেও আগুন লেগে ভয়াবহ বিপর্যয় ঘটে যেতে পারে। বিমানের ভিতরে তো বটেই, আইন অনুযায়ী বিমানবন্দরের সমস্ত জায়গাতেই ধূমপান নিষিদ্ধ। নিরাপত্তা ও সুরক্ষার ক্ষেত্রে এই নিয়ম লঙ্ঘনের জন্য জরিমানা এবং আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।