চলছিল আইপিএলের ম্যাচ। লখনউ সুপার জায়েন্ট বনাম পঞ্জাব কিংস। সেই ম্যাচে মাঠে যথারীতি হাজির ছিলেন চিয়ারলিডারেরা। খেলা চলাকালীনই এক চিয়ারলিডারের সঙ্গে ঘটল এক অনভিপ্রেত ঘটনা। দর্শকাসন থেকে উড়ে এল দলাপাকানো কাগজের টুকরো। চিয়ারলিডার তরুণীর গায়ে সেটি এসে আঘাত করতেই বিরক্তিতে ফেটে পড়লেন তিনি। কাগজটিতে যে বার্তা লেখা ছিল তা দেখার পর পুলিশের কাছে অভিযোগ করতেও ছুটে যান তিনি। সেই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ম্যাচ চলাকালীন এক দর্শক একটি কাগজে তাঁর মোবাইল নম্বর লিখে, সেটিকে গোল বলের মতো পাকিয়ে এক চিয়ারলিডারের দিকে ছুড়ে মারেন। ভিডিয়োয় ধরা পড়েছে সেই দৃশ্যটি। চিয়ারলিডার তরুণী প্রথমে এই আকস্মিক ঘটনায় অবাক হয়ে যান। কাগজটি খোলার পর তিনি তাতে একটি মোবাইল নম্বর দেখতে পান। তাঁর চোখেমুখে স্পষ্ট রাগ ফুটে ওঠে। মাঠে উপস্থিত পুলিশ অফিসারের কাছে অভিযোগ করতে উদ্যত হন তিনি। ভিডিয়োটি ‘ঘর কা কলেশ’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর বহু মানুষ তা দেখেছেন।
ভিডিয়োটি দেখার পর সমাজমাধ্যম ব্যবহারকারীদের সবচেয়ে বেশি যেটি দৃষ্টি আকর্ষণ করেছে তা হল চিয়ারলিডারের প্রতিক্রিয়া। এই আচরণে তিনি স্পষ্টতই বিরক্ত হয়েছিলেন। তিনি সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত পুলিশ আধিকারিককে বিষয়টি জানান। স্টেডিয়ামে উপস্থিত লোকজনও মুহূর্তের জন্য হতবাক হয়ে গিয়েছিলেন। নেটাগরিকদের অনেকে বলেছেন যে ক্রিকেট খেলাটা মজার, কিন্তু এ ভাবে কাউকে হেনস্থা করা একেবারেই ঠিক নয়। কিছু নেটমাধ্যম ব্যবহারকারীর দাবি, এই ধরনের লোকদের স্টেডিয়ামেই ধরে শাস্তি দেওয়া উচিত, যাতে ভবিষ্যতে আর কেউ এমন কাজ করার সাহস না পান। তবে দর্শকের সপক্ষেও প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। এক নেটাগরিক মজাচ্ছলে লিখেছেন, ‘‘তরুণকে বেশি শাস্তি দেওয়া ঠিক হবে না। ভাই স্রেফ নিজের ভাগ্য পরীক্ষা করতে চেয়েছিল।’’