Advertisement
E-Paper

সিকিমের রাস্তায় লেবুর খোসা ফেলে নোংরা করছিলেন পর্যটক, ডেকে ‘উচিত শিক্ষা’ দিল পুলিশ, সাধুবাদ দিল নেটপাড়া

ঝকঝকে পিচের রাস্তার ঠিক মাঝখানে লেবুর খোসা পড়ে রয়েছে। সেই দৃশ্য দেখে এগিয়ে আসেন কর্তব্যরত পুলিশকর্মী। দ্রুত তিনি অভিযুক্ত ব্যক্তিকে ডেকে আনেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৪

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পরিষ্কার ঝকঝকে রাস্তা নোংরা করে গিয়েছিলেন এক ব্যক্তি। স্থানীয় পুলিশের নজরে পড়তেই উচিত শিক্ষা পেলেন তিনি। সম্প্রতি সিকিমে বেড়াতে গিয়ে রাস্তায় কমলালেবুর খোসা ছুড়ে ফেলেছিলেন এক পর্যটক। টহলরত পুলিশকর্মীর চোখে পড়তেই দ্রুত ব্যবস্থা নিলেন তিনি। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। নাগরিক কর্তব্যের পাঠ পড়ানোর সেই ভিডিয়োটি নজর কেড়েছে নেটাগরিকদের। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ঝকঝকে পিচের রাস্তার ঠিক মাঝখানে লেবুর খোসা পড়ে রয়েছে। সেই দৃশ্য দেখে এগিয়ে আসেন কর্তব্যরত পুলিশকর্মী। দ্রুত তিনি অভিযুক্ত ব্যক্তিকে ডেকে আনেন। কোনও রকম জরিমানা বা তিরস্কার করার পথে হাঁটেননি পুলিশকর্মী। তিনি নিজেই প্রথমে পা দিয়ে খোসাগুলিকে জড়ো করেন। কালো জ্যাকেট পরা এক তরুণকে গাড়ি থেকে নেমে এগিয়ে আসতে দেখা যায়। তাঁর ফেলে দেওয়া প্রতিটি টুকরো তুলে নিতে বলেন। অভিযুক্ত তরুণ ছড়িয়ে-ছিটিয়ে থাকা সমস্ত খোসা তুলে একটি প্যাকেটে ভরে রাখেন। আবর্জনা কুড়িয়ে নেওয়ার পর তাঁকে চলে যেতে বলেন পুলিশকর্মী।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘অপ্রেসর’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। সমাজমাধ্যমের প্রশংসা কুড়িয়েছেন পুলিশকর্মী। নাগরিক দায়িত্ববোধ শেখানোর ব্যবহারিক প্রয়োগ দেখে সাধুবাদ জানিয়েছেন নেটমাধ্যম ব্যবহারকারীরা। ভিডিয়োটি কয়েক লক্ষ বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। ৯ হাজারেরও বেশি লাইক জমা পড়েছে তাতে। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘সিকিম সত্যিই একটি পরিষ্কার এবং সুন্দর জায়গা। সতর্ক থাকার জন্য প্রশাসনকে ধন্যবাদ।’’

sikim
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy