পাকিস্তানের কোনও গ্রামে মহিলারা একা বাড়ি থেকে বার হলে কী হতে পারে তারই ঝলক দেখালেন এক রুশ বংশোদ্ভূত তরুণী। পাকিস্তানে বিদেশি নারীরা প্রায়শই চরম অস্বস্তি বোধ করেন বলে দাবি করেছেন ওই তরুণী। পাকিস্তানের একটি পরিবারের বধূ তিনি। পরিবারের মহিলা সদস্যদের সঙ্গে রাস্তায় বেরিয়ে যা অভিজ্ঞতা হয়েছিল তা বর্ণনা করেছেন ইনস্টাগ্রামের ভিডিয়োয়। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় পাকিস্তানে বসবাসকারী ‘বিদেশিনি’ গ্রামের জীবনের বেশ কিছু ঘটনা শেয়ার করেছেন। ইনস্টাগ্রামের ভিডিয়োয় তিনি দাবি করেছেন, পাকিস্তানে নারীদের জীবন সহজ নয়। পাকিস্তানে বসবাসকারী মহিলারা একা কোনও গ্রামে বেড়াতে গেলে কী হতে পারে তা তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। তিনি তাঁর বাড়ির ছাদ থেকে গ্রামের একটি দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন। সেখানে দেখা গিয়েছে, রাস্তায় প্রচুর মানুষ জটলা করে অশান্তি পাকিয়ে তুলছেন। একে অপরের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়েছেন।
ইনস্টাগ্রামে পোস্টটির মন্তব্য বিভাগে তরুণী পুরো ঘটনাটি ব্যাখ্যা দিয়েছেন। ননদ, মেয়েকে নিয়ে তিনি বাড়ির কাছের খেলার মাঠে গিয়েছিলেন। সেখানে দু’জন তরুণ একনাগাড়ে তাঁদের দিকে তাকিয়ে ছিলেন। খেলার মাঠ থেকে চলে আসার সময় তরুণেরা তাঁকে ও তাঁর পরিবারকে অনুসরণ করতে শুরু করেন বলে দাবি ওই তরুণীর। তিনি আরও জানান যে, তাঁদের অনুসরণ করার সময় অপরিচিত তরুণেরা ভাব জমানোর চেষ্টা করেন। এক পর্যায়ে তাঁরা এমন উত্ত্যক্ত করতে থাকেন যে, তরুণী পুলিশকে ফোন করার চিন্তাভাবনা শুরু করে দেন। কারণ তিনি বুঝতে পারছিলেন না ওই তরুণেরা কী চান। তরুণী জানান, পাকিস্তানে বিদেশি মহিলারা প্রায়শই এই ধরনের চরম অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন।
ইনস্টাগ্রামে ‘বর্ডারলেসপেয়ার’ নামের অ্যাকাউন্ট থেকে তরুণী ভিডিয়োটি পোস্ট করার তা লক্ষ লক্ষ বার দেখা হয়েছে। ভিডিয়োটি দেখার পর নানা ধরনের প্রতিক্রিয়া জমা পড়েছে মন্তব্য বিভাগে। এক জন পাকিস্তানি নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘নিজেকে এতটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।’’ আবার দ্বিতীয় নেটাগরিক লিখেছেন, ‘‘বিদেশি অতিথিদের সুরক্ষা দেওয়া প্রত্যেক পাকিস্তানি নাগরিকের দায়িত্ব।’’