Advertisement
E-Paper

পাকিস্তানের পুলিশ চৌকিতে বোমা নিয়ে ঢুকে পড়লেন আত্মঘাতী হামলাকারী! পর পর বিস্ফোরণ, নিহত ১২ আধিকারিক

পাকিস্তানের উত্তর-পশ্চিম প্রান্তে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুতে আত্মঘাতী বিস্ফোরণ হয়েছে। এলাকাটি আফগান সীমান্ত সংলগ্ন। তার আগে সেখানে জঙ্গিদের সঙ্গে পাক পুলিশের গুলির লড়াই চলছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৬ ১১:২১
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পুলিশ চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণ।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পুলিশ চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণ। ছবি: রয়টার্স।

পাকিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন পুলিশ আধিকারিকের মৃত্যু হয়েছে। অভিযোগ, বোমা-সহ গাড়ি নিয়ে এক আত্মঘাতী হামলাকারী পুলিশ চৌকিতে ঢুকে পড়েছিলেন। তার পরেই সেখানে একাধিক বিস্ফোরণ হয় এবং গোটা পুলিশ চৌকি উড়ে যায়। ১২ জনের মৃত্যু নিশ্চিত করেছে পুলিশ। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণে আশপাশের এলাকায় স্থানীয় বাসিন্দাদের কয়েক জনও জখম হয়েছেন। হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।

রয়টার্স পাকিস্তানের এক সিনিয়র পুলিশ আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে, শনিবার রাতে দেশের উত্তর-পশ্চিম প্রান্তে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু এলাকায় আত্মঘাতী বিস্ফোরণ হয়েছে। এলাকাটি আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন। তার আগে সেখানে জঙ্গিদের সঙ্গে পাক পুলিশের গুলির লড়াই চলছিল। রাতে আচমকাই পুলিশের চৌকিতে ঢুকে পড়ে গাড়ি। সংঘর্ষমাত্র প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠেছিল চারদিক। গাড়ির চালক-সহ ১২ জন পুলিশ আধিকারিকের মৃত্যু হয়েছে। তাঁদের ছিন্নভিন্ন দেহাংশ ছড়িয়েছিটিয়ে পড়েছিল ওই এলাকায়।

ঘটনাস্থল থেকে তিন জন পুলিশ আধিকারিককে জীবন্ত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। গুরুতর জখম অবস্থায় তাঁদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে।

নির্দিষ্ট কোনও সন্ত্রাসবাদী সংগঠনের তরফে এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করা হয়নি। অভিযোগ, আফগানিস্তান থেকে আসা দুষ্কৃতীরাই এই বিস্ফোরণ ঘটিয়েছে।

পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তে দীর্ঘ দিন ধরেই সংঘর্ষ চলছে। গত ফেব্রুয়ারিতে দুই দেশ সশস্ত্র সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছিল। তার পর থেকে সীমান্তে অশান্তি লেগেই আছে। যুদ্ধবিরতি নিয়ে আনুষ্ঠানিক ভাবে কোনও সমঝোতা হয়নি দুই পড়শি দেশের মধ্যে। ইসলামাবাদের অভিযোগ, পাকিস্তানের মাটি ব্যবহার করে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে আফগানিস্তান। এর নেপথ্যে ভারতের ভূমিকাও রয়েছে বলে দাবি করেছে তারা। তবে এখনও পর্যন্ত তার কোনও প্রমাণ দেখাতে পারেনি। নয়াদিল্লি প্রথম থেকেই পাকিস্তানের এই ধরনের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। শনিবার রাতের বিস্ফোরণ এবং প্রাণহানির পর নতুন করে উত্তেজনা ছড়াল পাক-আফগান সীমান্তে।

Afghanistan Pakistan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy