Advertisement
E-Paper

‘আমার সন্তানদের জন্য পাঠিয়ে দিন!’ অনুরাগীর আবদার মেটালেন জুনিয়র এনটিআর, নিজের হাতে কুকিজ় বানালেন অভিনেতা

শনিবার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো পোস্ট করেন জুনিয়র এনটিআর। সেখানে দেখা যায়, তিনি নিজের হাতে কুকিজ় বানাচ্ছেন। তার পরে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ১৬:২০
দুই খুদের জন্য কুকিজ় পাঠালেন অভিনেতা।

দুই খুদের জন্য কুকিজ় পাঠালেন অভিনেতা। ছবি: সংগৃহীত।

পেশাজীবনের নানা ঝলক প্রায়ই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তারকারা। তবে সম্প্রতি ব্যক্তিগত জীবনের এক বিশেষ মুহূর্ত অনুরাগীদের জন্য তুলে ধরলেন দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর। প্রথম বার নিজের হাতে বানালেন এক বিশেষ ডিশ! প্রথম বার ‘কুকিজ়’ বানালেন! সেই অভিজ্ঞতা ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গেও। আর সেই কুকিজ় কার কাছে পৌঁছোল জানেন? অভিনেতার হাতে বানানো কুকিজ় খেয়ে দেখলেন তাঁর দুই খুদে অনুরাগী। অভিনেতার এই উদ্যোগে মুগ্ধ নেটপাড়া।

শনিবার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো পোস্ট করেন জুনিয়র এনটিআর। সেখানে দেখা যায়, তিনি নিজের হাতে করে কুকিজ় বানাচ্ছেন। ভিডিয়োর সঙ্গে অভিনেতা লেখেন, “বাড়িতে বেক করা, কেনা নয়।” এর পরেই সাই তেজা নামে এক অনুরাগী এক্স হ্যান্ডলে কয়েকটি ছবি ও ভিডিয়ো ভাগ করে জানান, জুনিয়র এনটিআর তাঁর পরিবারের জন্য ওই কুকিজ় পাঠিয়েছেন। নিজের সন্তানদের সেই কুকিজ় উপভোগ করার ছবি পোস্ট করে অভিনেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তিনি লেখেন, “অসংখ্য ধন্যবাদ জুনিয়র এনটিআর। স্মরণ ও স্তারকার পক্ষ থেকে অনেক ভালবাসা। একটি সাধারণ মন্তব্য থেকেই যে এত সুন্দর চমক অপেক্ষা করছিল, তা ভাবিনি। আজ কুকিগুলো আমাদের বাড়িতে পৌঁছেছে। বাচ্চারা ভীষণ খুশি, অটোগ্রাফ পেয়ে আমি আনন্দে আত্মহারা। এমন আন্তরিক মুহূর্ত আমাদের সকলের মুখে হাসি ফুটিয়েছে। কখনও কখনও ইন্টারনেট শুধুই কোলাহল নয়, বরং মানুষ, অনুরাগ, ভালবাসা আর স্মৃতির মধ্যে এক সুন্দর সেতুবন্ধন তৈরি করে।” এই পোস্টে একাধিক অনুরাগীর মন্তব্য, “সৌভাগ্যবান আপনার সন্তানেরা।” কেউ লিখলেন, “এই কারণেই ওঁকে (জুনিয়র এনটিআর) এত ভালবাসি। অনুরাগীদের তিনি পরিবারের মতোই মনে করেন। আমরাও ওঁকে নিজের দাদা মনে করি। অনেক ভালবাসা।”

আসলে শুক্রবার অভিনেতা কুকিজ় তৈরির কথা সমাজমাধ্যমে জানাতেই তাঁর অনুরাগীরা নানা মন্তব্য করেন। তাঁদের মধ্যে অন্যতম সাই তেজা। মজা করে তিনি লেখেন, “বাড়িতে আমার দুই খুদে সন্তান। ওদের জন্য দুটো পাঠিয়ে দিন প্লিজ়।” তার উত্তর দেন অভিনেতা। মজার ছলেই চলে কথোপকথন। অনুরাগীর বাড়ির ঠিকানাও চেয়ে পাঠান তিনি। এর পরে শনিবারই অনুরাগীর বাড়িতে পৌঁছে যায় বাড়িতে বানানো টাটকা কুকিজ়।

NTR Jr
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy