Advertisement
E-Paper

মস্কোর তেল শোধনাগারে ড্রোন হানা কিভের, বিস্ফোরণে উড়ল ট্যাঙ্কারের বিশাল ঢাকনা! ভয় ধরানো ভিডিয়ো প্রকাশ্যে

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্কে ড্রোন হামলা হতেই প্রচণ্ড বিস্ফোরণটি ঘটে। ফলে এর ছাদটি উড়ে যায় এবং ভয়াবহ আগুন ধরে যায়। শোধনাগারটি থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়া উঠতে দেখা যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ১৪:৩১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ড্রোন দিয়ে রাশিয়ার তেল শোধনাগার উড়িয়ে দিল ইউক্রেন। বিস্ফোরণ এতটাই প্রবল ছিল যে তার জেরে কয়েক ফুট উঁচুতে ছিটকে উড়ে যায় ট্যাঙ্কারের বিশাল ঢাকনাটি। ড্রোন হামলায় ভয়াবহ আগুন ধরে যায় শোধনাগারটিতে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে বৃহস্পতিবার সকালে রাশিয়ার মস্কোর তেল শোধনাগারের একটি সংরক্ষণ ট্যাঙ্কে ইউক্রেনের একটি ড্রোন হামলা চালিয়েছে। মস্কোর কাপোতনিয়া জেলার এই শোধনাগারটি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি প্রক্রিয়াকরণ কেন্দ্র। কিভের ড্রোন হামলার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্কে ড্রোন হামলা হতেই প্রচণ্ড বিস্ফোরণটি ঘটে। ফলে এর ছাদটি উড়ে যায় এবং ভয়াবহ আগুন ধরে যায়। শোধনাগারটি থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়া উঠতে দেখা যায়। সমাজমাধ্যমে ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়েছে, “সকালে মস্কো তেল শোধনাগারের একটি স্টোরেজ ট্যাঙ্কে ইউক্রেনের একটি আক্রমণকারী ড্রোনের আঘাত হানার ফুটেজ। ট্যাঙ্কের ঢাকনাটিকে নিখুঁত ভাবে কয়েকশো ফুট উপরে উড়িয়ে দিয়েছে।’’ আরও একটি ভিডিয়োয় বিস্ফোরণের পরবর্তী দৃশ্য দেখা যাচ্ছে। বিস্ফোরণের ধাক্কায় ট্যাঙ্কের গোলাকার ধাতব ঢাকনাটি অনেক উপরে ছিটকে যায় এবং আগুন ও ঘন কালো ধোঁয়ায় এলাকাটি ছেয়ে যায়। ট্যাঙ্কের উপরিভাগ থেকে একটি বিশাল আগুনের গোলা বিস্ফোরিত হতে দেখা যায়।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘ওসিনটেকনিক্যাল’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োগুলি ইতিমধ্যে কয়েক লক্ষ বার দেখা হয়েছে। হাজার হাজার মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন তাতে। ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরেঁর সঙ্গে কথা বলার কয়েক ঘণ্টা পরেই এই ড্রোন হামলাটি ঘটে।

Kyiv Drone Russia Oil
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy