বহু দিনের সম্পর্ককে পরিণতি দিতে চেয়েছিলেন তরুণ। প্রেমিকাকে নিয়ে ডিজ়নিল্যান্ড ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানেই বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেন তরুণ। কিন্তু পুরোটাই ছিল ‘সারপ্রাইজ়’। প্রেমিকাকে নিয়ে সিনড্রেলার প্রাসাদের সামনে পৌঁছোতেই হাঁটু মুড়ে বসে পড়লেন তিনি। হাতে আংটি নিয়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতেই অবাক হয়ে গেলেন তরুণী। তিনি যে বিয়ের প্রস্তাবে রাজি হয়েছেন তা জানাতেই দূর থেকে দৌড়ে ছুটে এলেন ডিজ়নিল্যান্ডের এক কর্মী। তরুণের হাত থেকে আংটি ছিনিয়ে তাঁদের প্রাসাদের সামনে থেকে সরে যেতে বললেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘দ্যব্রাউনড্রাফ্ট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ হাঁটু মুড়ে হাতে আংটি নিয়ে তাঁর প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। প্রেমিকা বিয়ের প্রস্তাবে সম্মতি জানাতে তাঁকে আংটি পরিয়ে দিতে যাচ্ছিলেন তরুণ। ঠিক সেই সময়েই দূর থেকে ছুটে এলেন ডিজ়নিল্যান্ডের এক কর্মী। তাঁর মাথায় মিকি মাউজ়ের ব্যান্ড। তরুণের হাত থেকে আংটি ছিনিয়ে নিয়ে সেখান থেকে যুগলকে সরে যাওয়ার নির্দেশ দিলেন সেই কর্মী। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে ক্ষোভপ্রকাশ করেছেন নেটপাড়ার অধিকাংশ।
এত সুন্দর মুহূর্ত নষ্ট করে দেওয়ার জন্য ডিজ়নিল্যান্ডের কর্মীর সমালোচনাও করেছেন অনেকে। জানা গিয়েছে, এই ঘটনাটি ২০২২ সালের। আবার নতুন করে সমাজমাধ্যমে ভিডিয়ো ছড়িয়ে পড়তে বিতর্কের সৃষ্টি করেছে। প্যারিসের ডিজ়নিল্যান্ডে প্রেমিকাকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন আন্তে। জার্মানির বাসিন্দা তাঁরা দু’জনেই। এক মাস আগে থেকেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেছিলেন আন্তে। প্রথমে ভেবেছিলেন যে, ডিজ়নিল্যান্ডে সন্ধ্যাবেলায় যখন আতশবাজির প্রদর্শনী হবে, তখন প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেবেন তিনি। কিন্তু শুভ কাজের জন্য আর দেরি করতে চাইছিলেন না আন্তে। দিনের বেলায় সিনড্রেলার প্রাসাদের সামনে দাঁড়িয়ে প্রেমিকাকে আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দিলেন তিনি। প্রেমিকাও সম্মতি জানালেন।
আরও পড়ুন:
যে মুহূর্তে আন্তে তাঁর প্রেমিকাকে আংটি পরাতে যাবেন, সেই মুহূর্তে সে দিকে ডিজ়নিল্যান্ডের এক কর্মী ছুটে গিয়ে আন্তের হাত থেকে আংটিটি ছিনিয়ে নিলেন। কর্মীর আচরণে অবাক হয়ে আন্তে বললেন, ‘‘আমার প্রেমিকা বিয়ের প্রস্তাবে রাজি হয়েছেন।’’ তা শুনে ওই কর্মী বলেন, ‘‘খুবই ভাল খবর। কিন্তু আপনারা কয়েক ধাপ নেমে এসে যা করার করুন। তা হলে পুরো মুহূর্তটি আরও দারুণ হবে। ওখানে দাঁড়ানোর অনুমতি নেই।’’ আন্তে তাঁর প্রেমিকাকে নিয়ে নীচে নেমে গেলেও জানালেন যে, তিনি এক কর্মীর কাছে অনুমতি নিয়েই সেখানে দাঁড়িয়েছিলেন।
আরও পড়ুন:
এই কথা জানাজানি হতেই ডিজ়নিল্যান্ড কর্তৃপক্ষের তরফে আন্তের কাছে ক্ষমাপ্রার্থনা করা হয়। আন্তে এবং তাঁর প্রেমিকাকে সপ্তাহান্তে সেখানে ছুটি কাটানোর জন্য আমন্ত্রণ জানান তাঁরা। পছন্দের যে কোনও হোটেলে থাকার অনুরোধও করা হয়। সমস্ত খরচ কর্তৃপক্ষ বহন করবেন সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন তাঁরা। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি আন্তে। তরুণের কথায়, ‘‘এই ধরনের বিশেষ মুহূর্ত জীবনে বার বার ফিরে আসে না। ডিজ়নিল্যান্ড অনেকের কাছে স্বপ্নের মতো। কিন্তু আমার স্বপ্ন ভেঙে গিয়েছে ওখানে। বিশেষ মুহূর্ত কাটানোর জন্য জার্মানি থেকে প্যারিসের ডিজ়নিল্যান্ডে ঘুরতে গিয়েছিলাম। সেই মুহূর্তটাই তো নষ্ট হয়ে গেল! আর কি দ্বিতীয় বার তা ফিরে পাওয়া যাবে?’’