Advertisement
E-Paper

‘আমার খুশির অন্ত নেই’! ছোটবেলায় মাকে দেওয়া কথা রাখতে পেরে কেঁদে ফেললেন তরুণ, ভিডিয়ো দেখে চোখে জল নেটপাড়ায়

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, মাকে ছোটবেলায় দেওয়া প্রতিশ্রুতি পূরণ করলেন এক তরুণ। মায়ের স্বপ্ন পূরণ করতে পেরে আবেগঘন কণ্ঠে তিনি জানান, তাঁর অন্তরের ১০ বছরের বালক উচ্ছ্বসিত হয়ে পড়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৬ ০৯:০৯

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ছোটবেলায় আবেগের বশে অনেকেই কত প্রতিশ্রুতি দিয়ে থাকেন মা-বাবাকে। তবে সকলেই যে তা পূরণ করতে পারেন, তা নয়। কেউ সে কথা বেমালুম ভুলে যান। কারও আবার সাধ থাকলেও, সাধ্যে কুলোয় না। তবে, কেউ কেউ আবার তার ব্যতিক্রমও হন। সম্প্রতি এমনই একটি ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সেখানে দেখা গিয়েছে, ছোটবেলায় মাকে দেওয়া প্রতিশ্রুতিপূরণ করেছেন এক তরুণ।

ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, এক তরুণ বলছেন তিনি তাঁর মাকে ছোটবেলায় যে কথা দিয়েছিলেন, তা পূরণ করতে চলেছেন। আর তা হল, মাকে হেলিকপ্টার চড়ানো। এর পর তিনি বলেন, হেলিকপ্টারটি চড়ার সময় তাঁর মা একটু ভয় পেয়ে গিয়েছিলেন। তার পর সামনে থেকে হেলিকপ্টার দেখে তাঁর মুখ হাসিতে ভরে ওঠে। ক্যামেরার দিকে নিজেদের বোর্ডিং পাস দেখান দু’জন। হেলিকপ্টারে উঠেও তিনি ছেলেকে শক্ত করে ধরে বসেছিলেন। ওই তরুণ দায়িত্ববান সন্তানের মতো মাকে সমানে সাহস জুগিয়ে যাচ্ছিলেন।

কিন্তু এর পর ভয় কেটেও যায় তাঁর। কখনও সানগ্লাস পরে তিনি হাসিমুখে ক্যামেরার দিকে তাকান, কখনও বা ছেলেকে বাইরের দৃশ্য দেখান। এর পর হেলিকপ্টার থেকে বাইরের কিছু দৃশ্যও ক্যামেরাবন্দি করেন তরুণ। জানা গিয়েছে, ওই তরুণ উত্তরাখণ্ডের বাসিন্দা। বাইরের দৃশ্য ক্যামেরাবন্দি করার সময় তিনি তাঁর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের কথাও জানান। আবেগঘন কণ্ঠে একসময় তাঁকে বলতে শোনা যায়, মায়ের স্বপ্ন পূরণ করতে পেরে তাঁর অন্তরের ১০ বছরের বালক উচ্ছ্বসিত হয়ে পড়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

‘যোগেশরাওয়াত০৪’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ৭০ লাখেরও বেশি মানুষ দেখেছেন। প্রায় ৭ লাখ মানুষ ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। চার হাজারের বেশি নেটাগরিক মন্তব্য করেছেন ওই ভিডিয়োয়। ওই তরুণকে প্রশংসায় ভরিয়েছেন সকলেই। এক সমাজমাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেছেন, “আপনি জীবনে আরও সফল হয়ে উঠুন।”

Viral Story Instagram Helicopter Uttarakhand

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy