ভারতে যৌতুক প্রথা ৬০ বছরেরও বেশি সময় ধরে নিষিদ্ধ। কিন্তু সমাজমাধ্যমে সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিয়ো মানুষকে বিষয়টি নিয়ে আবার ভাবতে বাধ্য করেছে। অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়া সেই ভিডিয়োয় বিয়ের সময় বরের পাওয়া যৌতুকের পরিমাণ প্রকাশ্যে দেখানো হয়েছে। ভিডিয়োয় দাবি, একটি বিয়েবাড়ি উপলক্ষে পাত্রকে বিএমডব্লিউ গাড়ি, নগদ ১ কোটি টাকা এবং লক্ষ লক্ষ টাকার উপহার দেওয়া হয়েছে। এমনকি বিয়ের সম্বন্ধ করার জন্য ঘটককেও একটি বিলাসবহুল গাড়ি উপহার দেওয়া হয়েছে। ভিডিয়োটি ভাইরাল হয়েছে। সমাজমাধ্যমে আলোড়নও ফেলেছে। ভিডিয়োয় দাবি, ঘটনাটি উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়েবাড়ি উপলক্ষে বিশাল মঞ্চ বাঁধা হয়েছে। চারদিকে আলোর রোশনাই। বসে রয়েছেন পাত্র। তাঁকে ঘিরে আত্মীয়স্বজনদের ভিড়। তার মধ্যেই এক ব্যক্তিকে মাইক্রোফোনে বরের পাওয়া যৌতুকের পরিমাণ ঘোষণা করতে শোনা যায়। ভিডিয়ো অনুযায়ী, বরকে ১টি বিএমডব্লিউ, নগদ ১ কোটি টাকা এবং আলাদা করে ১ লক্ষ ১১ হাজার টাকা দেওয়া হয়েছিল। বিয়েতে মোট ৭১টি গয়না দেওয়া হয়েছিল, যার মধ্যে ছিল ১১টি হিরে, ৪২টি সোনা এবং ১৮টি রুপোর গয়না। এমন দাবিও করা হচ্ছে যে, বিয়ের সম্বন্ধ ঠিক করা ঘটককে একটি বিলাসবহুল গাড়ি এবং ছোটখাটো কাজকর্মের দায়িত্বে থাকা ব্যক্তিদের বাইক উপহার দেওয়া হয়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। দ্রুত ভাইরাল হয়েছে ভিডিয়োটি। তীব্র প্রতিক্রিয়ারও জন্ম দিয়েছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সংবাদমাধ্যম ‘এবিপি নিউজ়’-এর এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। যৌতুক দেওয়া-নেওয়ার জন্য পাত্র এবং পাত্রীর পরিবারের প্রতি ক্ষোভপ্রকাশও করেছেন নেটাগরিকদের একাংশ। প্রশ্ন উঠতে শুরু করেছে যৌতুক সংক্রান্ত আইন নিয়ে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘মানুষ এখনও যৌতুককে মর্যাদার প্রতীক হিসেবে দেখাচ্ছে। লজ্জা হওয়া দরকার।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘যদি এটা সত্যি হয়, তা হলে ব্যবস্থা নেওয়া উচিত। যৌতুক অগণিত মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে।’’