সমাজমাধ্যমে প্রতি দিন বিভিন্ন ‘প্রতিভা’র অসংখ্য ভিডিয়ো প্রকাশ্যে আসে। এমনই একটি আশ্চর্যজনক ভিডিয়ো অনলাইনে দ্রুত ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে এখনও স্কুলে যাওয়ার বয়সে না পৌঁছানো একটি শিশু পেশাদার চালকের মতো একটি বিশাল, মাটি খোঁড়ার এক্সকাভেটর যন্ত্র চালাচ্ছে। ছোট্ট শিশুটির আত্মবিশ্বাস এবং যন্ত্রটির উপর তার নিয়ন্ত্রণ সবাইকে হতবাক করে দিয়েছে। সমাজমাধ্যমে আলোড়ন ফেলেছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ফাঁকা মাঠের মধ্যে একটি বিশাল মাটি কাটার যন্ত্র রাখা রয়েছে। এমন সময় একটি বালক ওই যন্ত্রে চড়ে বসে। নিখুঁত ভাবে চালু করে যন্ত্রটিকে। এর পর পেশাদারদের মতো, মাটি তুলে এক দিক থেকে অন্য দিকে রাখতে শুরু করে সে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আকবরজেসিবিলভার’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। ছোট্ট বালককে বিপজ্জনক যন্ত্রটি চালাতে দেখে নিন্দাতেও সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। যে বা যাঁরা ওই বালককে মাটি কাটার যন্ত্র চালাতে দিয়েছেন, তাঁদের শাস্তির দাবিও তুলেছেন কেউ কেউ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘আশ্চর্যজনক! কেবিনের ভিতরে বালকের পাশে কোনও প্রাপ্তবয়স্ক বসে নেই। সে বীরপুরুষের মতো সম্পূর্ণ একা তার ছোট্ট হাত দিয়ে বিশাল যন্ত্রটি এমন ভাবে নিয়ন্ত্রণ করছে যেন সে একজন দক্ষ চালক।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘প্রতিভা নিঃসন্দেহে আছে, কিন্তু এত অল্প ছোট বাচ্চাকে এত ভারী একটি যন্ত্রের সঙ্গে একা ছেড়ে দেওয়া বিপজ্জনক হতে পারে।’’