স্থানীয় তরুণীকে নদীতে টেনে নিয়ে গিয়েছিল কুমির। মৃতদেহ নিয়ে আবার ভেসে উঠতেই ভয়ঙ্কর প্রাণীটিকে লক্ষ্য করে গুলি চালালেন স্থানীয়েরা! মেরেও ফেললেন কুমিরটিকে। তার পরে কুমিরের মৃতদেহ নিয়ে উল্লাসে মাতলেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ায়। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, গত রবিবার লুয়ান বোয়া নদীতে বন্ধুদের সঙ্গে মাছ ধরতে নেমেছিলেন জুস্মিতাওয়াতি নামের ৩৬ বছর বয়সি এক তরুণী। নদীর ঘোলা জলে হঠাৎই তাঁকে আক্রমণ করে ১৯ ফুট লম্বা বিশাল এক কুমির। তরুণীকে টেনে জলের নীচে নিয়ে যায় ভয়ঙ্কর প্রাণীটি। অনেক খুঁজেও জুস্মিতাওয়াতির বন্ধুরা তাঁর খোঁজ না পেয়ে গ্রামবাসীদের সতর্ক করে। পরের দিনও তল্লাশি অভিযান অব্যাহত থাকে। এর মধ্যেই পরের দিন অর্থাৎ, সোমবার তরুণীর দেহ নদীতে ভেসে উঠলে সেখানে ভিড় জমান গ্রামবাসীরা। লাঠি-বন্দুক হাতে তৈরি থাকেন সকলে। এর পর কুমিরটি মৃতদেহের কাছে পৌঁছোতেই তাকে লক্ষ্য করে গুলি ছুড়়তে শুরু করেন গ্রামবাসীরা। কেউ লম্বা লাঠি নিয়ে আঘাত করে ভয়ঙ্কর প্রাণীটিকে। অবশেষে ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে আধমরা অবস্থায় ধরে ফেলা হয় কুমিরটিকে। সেই সংক্রান্ত একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
স্থানীয় কাউন্সিলের চেয়ারম্যান রাসমানুদ্দিন রাহামিন জানিয়েছেন, কুমিরটি প্রায় ১৯ ফুট লম্বা এবং প্রায় সাড়ে তিন ফুট চওড়া। এটিকে আটক করে মরে ফেলার পর তার শরীরে ভিতর থেকে তরুণীর দেহাবশেষ এবং পোশাক পাওয়া গিয়েছে। স্থানীয় পুলিশপ্রধান জয়নুর ফৌজি বাসিন্দাদের আরও সুরক্ষা ব্যবস্থা না গ্রহণ করে নদীতে যাওয়ার বিষয়ে সতর্ক করেছেন।
আরও পড়ুন:
চাঞ্চল্যকর ওই ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সিএমএনএস_মিডিয়া’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। ভিডিয়োটি দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন বলেও জানিয়েছেন নেটাগরিকদের একাংশ।