দাদা-ভাইয়ের সম্পর্ক হয় খুনসুটিতে ভরা। এক অপরের প্রতি যেমন ভালবাসা থাকে, তেমনই চলে ঝগড়াঝাঁটি। দেদার মারামারিও বাদ থাকে না। কিন্তু একে অপরকে ছাড়া এক মুহূর্ত থাকাও যায় না। ছোট ভাইয়ের গায়ে আছড়ে পড়েছিল এক কুকুর। তা দেখে দাদা যা করল তা মনে রেখে দেওয়ার মতো। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে কেরলের মলপ্পুরমে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বাড়ির উঠোনে ঢুকে পড়েছে রাস্তার কুকুর। সেই সময় উঠোনে বসে খেলছিল নাবালক। কুকুরটি ঢুকেই নাবালকের গায়ে ঝাঁপিয়ে পড়ে। নাবালককে উঠোনের উপর ফেলে তার গায়ের উপর উঠে পড়ে কুকুরটি। সে তারস্বরে কান্না জোড়ে। নিজেকে কুকুরটির থেকে বাঁচানোর চেষ্টা করে চললেও সফল হয় না। ভাইয়ের কান্না কানে পোঁছোয় নাবালক দাদার। সে তখন বাড়ির দোতলায় ছিল। ভাইকে বাঁচানোর তাগিদে দোতলার বারান্দা থেকে ঝাঁপ মারল দাদা। দাদাকে দেখে স্বস্তি পেল ভাই। সে কাঁদতে কাঁদতে ঘরের ভিতর ঢুকে গেল। ভাইয়ের গায়ে ঝাঁপিয়ে পড়ার শাস্তি হিসাবে কুকুরটিকে লাঠি দিয়ে মেরে বাড়িছাড়া করল দাদা। এমন সময় তাদের মা-ও ঘর থেকে বেরিয়ে এলেন। কিন্তু বড় ছেলের সুবাদে তাঁকে আর কুকুরটিকে নিয়ে ভাবতে হল না। তিনি দাঁড়িয়ে থেকে ‘বীরপুরুষের’ কাণ্ড দেখে চললেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘এনভিইউ_ইন্ডিয়া’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রায় আড়াই লক্ষের কাছাকাছি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকম মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘বড় ভাইদের এমনই হওয়া উচিত।’’