Advertisement
E-Paper

আয়তনে বাসের সমান! সাঁতরে চলেছে নিরন্তর, গভীর সমুদ্রে বিরল দানবের সন্ধান পেলেন বিজ্ঞানীরা, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সমুদ্রের গভীরে বিশাল জেলিফিশটির খোঁজ পেয়েছে একটি আন্তর্জাতিক গবেষকদল। দলটির নেতৃত্বে ছিল আর্জেন্টিনা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৪
Video shows giant rare jellyfish discovered in Argentina

বিশাল সেই জেলিফিশ। ছবি: এক্স থেকে নেওয়া।

আয়তনে একটি স্কুলবাসের সমান! নিরন্তর সাঁতরে চলেছে গভীর সমুদ্রে। তেমনই এক ফ্যান্টম জেলিফিশের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। বিশাল সেই জেলিফিশের একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সমুদ্রের গভীরে বিশাল এবং বিরল ওই জেলিফিশটির খোঁজ পেয়েছে একটি আন্তর্জাতিক গবেষকদল। দলটির নেতৃত্বে ছিল আর্জেন্টিনা। শ্মিট ওশান ইনস্টিটিউটের নেতৃত্বে একটি গবেষণা জাহাজে চড়ে বুয়েনাস আইরেস থেকে টিয়েরা দেল ফুয়েগোর কাছের উপকূল পর্যন্ত অনুসন্ধান চালাচ্ছিল দলটি। তখনই আর্জেন্টিনার উপকূলের কাছে গভীর সমুদ্র জেলিফিশটি আবিষ্কার করেন ওই বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের দাবি, অভিযান চলাকালীন ‘বিশ্বের বৃহত্তম’ বাথেলিয়া ক্যান্ডিডা প্রবালের প্রাচীর দেখেছেন তাঁরা, যা প্রায় ০.৪ বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত। ২৮টি সম্ভাব্য নতুন সামুদ্রিক প্রাণীর প্রজাতিরও খোঁজ পাওয়া গিয়েছে, যার মধ্যে রয়েছে প্রবাল, সামুদ্রিক অর্চিন, শামুক এবং অ্যানিমোন। তখনই খোঁজ পাওয়া যায় ওই জেলিফিশের। বিজ্ঞানীদের দাবি, জেলিফিশটি সাধারণ জেলিফিশের তুলনায় অনেক বড়, প্রায় একটি স্কুলবাসের সমান।

বুয়েনাস আইরেস বিশ্ববিদ্যালয়ের প্রধান বিজ্ঞানী মারা এমিলিয়া ব্রাভো সমুদ্রের তলার সেই আবিষ্কারগুলিকে ‘অবিশ্বাস্য’ বলে বর্ণনা করেছেন। সমুদ্রের গভীরে তিমির কঙ্কালের খোঁজ পাওয়ার কথাও জানিয়েছেন তিনি। অন্য দিকে ‘ইনস্টিটিউটো আর্জেন্টিনো ডি ওশেনোগ্রাফিয়ার’-এর বিজ্ঞানী মেলিসা ফার্নান্দেজ় সেভেরিনির দাবি, সংগৃহীত নমুনাগুলি আগামী বছরগুলিতে বিজ্ঞানীদের গভীর সমুদ্রের বাস্তুতন্ত্র অধ্যয়নে সাহায্য করবে। এই অভিযান আর্জেন্টিনার গভীর সমুদ্রে গবেষণার নতুন পথ খুলে দিয়েছে বলেও মন্তব্য করেছেন বিজ্ঞানীরা।

দানবীয় জেলিফিশটির ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ওসেনা’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘দানবীয় জেলিফিশ! পৃথিবীতে এত বড় জেলিফিশ রয়েছে, তা ওই ভিডিয়ো না দেখলে বিশ্বাসই করতে পারতাম না।’’

Viral Video Jelly Fish Argentina
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy