পরীক্ষার সময়েই বিস্ফোরণ! চূর্ণবিচূর্ণ হয়ে গেল আমেরিকার ধনকুবের তথা ই-কমার্স সংস্থা অ্যামাজ়নের মালিক জেফ বেজ়োসের মহাকাশ সংস্থা ব্লু অরিজিনের ‘নিউ গ্লেন’ রকেট। ফ্লোরিডার কেপ ক্যানাভেরালের উৎক্ষপণকেন্দ্র থেকে বৃহস্পতিবার পরীক্ষামূলক উড়ানের সময় ব্লু অরিজিনের রকেটটি বিস্ফোরিত হয়। যদিও কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় কেউ আহত হননি। ঘটনাটির একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
মহাকাশে মানুষের থাকার জন্য ‘স্পেস কলোনি’ বানাবেন, এই উদ্দেশ্যে ২০০০ সালে ‘ব্লু অরিজিন’ সংস্থার সূচনা করেন বেজ়োস। মহাকাশ পর্যটন-সহ বহু পরিকল্পনা রয়েছে তাঁর। আপাতত প্রচুর ওজন সমেত মহাকাশে যেতে পারে, ‘নিউ গ্লেন’ নামে এমন এক রকেট তৈরি করেছে সংস্থাটি। কিন্তু পরীক্ষামূলক উড়ানের সময় বৃহস্পতিবার বিস্ফোরিত হয় রকেট। সমাজমাধ্যম এক্স প্ল্যাটফর্মে পোস্ট করা একটি সংক্ষিপ্ত বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘‘আজকের হটফায়ার পরীক্ষার সময় আমরা একটি অস্বাভাবিক পরিস্থিতির সম্মুখীন হয়েছি। তবে কোনও কর্মী আহত হননি। সকল কর্মীর খোঁজ পাওয়া গিয়েছে।’’ ব্লু অরিজিনের প্রতিদ্বন্দ্বী সংস্থা স্পেসএক্স-এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে একে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ৯৮ মিটার (৩২১ ফুট) লম্বা রকেটটির নীচে থেকে ধোঁয়া বার হচ্ছে। এর পর এটি দাউ দাউ করে জ্বলে উঠে। একটি বিশাল অগ্নিগোলকে পরিণত হয়ে ফেটে যায় রকেটটি। চূর্ণবিচূর্ণ হয়ে যায়। বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে, আগুন এবং কালো ধোঁয়া আকাশের অনেক দূর পর্যন্ত উঠে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ওপেন সোর্স ইন্টেল’-এর এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।
আরও পড়ুন:
এই বিস্ফোরণটি ধনকুবের বেজ়োসের মালিকানাধীন মহাকাশ গবেষণা সংস্থাটির জন্য বড় ধাক্কা, কারণ ‘নিউ গ্লেন’ রকেটটি এই সংস্থার মহাকাশ জয় সংক্রান্ত উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে রয়েছে। গত মাসেও ব্লু অরিজিনের ‘নিউ গ্লেন’ রকেট একটি উপগ্রহকে সঠিক কক্ষপথে পৌঁছে দেওয়ার অভিযানে ব্যর্থ হয়েছিল। তা নিয়ে তদন্তও শুরু হয়েছে। তার মধ্যেই বৃহস্পতিবার আরও এক বার ধাক্কা খেল সংস্থাটি। বিস্ফোরণের কিছু ক্ষণ পরেই এক্স-এ বেজ়োস বলেন, ‘‘বিস্ফোরণের মূল কারণ জানতে অনেক দেরি আছে। কিন্তু আমরা তা খুঁজে বার করার কাজ ইতিমধ্যেই শুরু করেছি। খুবই কঠিন একটি দিন, কিন্তু যা কিছু পুনর্নির্মাণের প্রয়োজন, আমরা তা পুনর্নির্মাণ করব এবং আবার উড়ান শুরু করব। এর জন্য কষ্ট করাটা সার্থক হবে।’’