Advertisement
E-Paper

তরুণীর কাতর আর্জিতে থেমে গেল ছুটন্ত বন্দে ভারত, যাত্রাভঙ্গ হতে হতেও হল না! ভাইরাল ভিডিয়োয় সমালোচনার ঝড়

প্ল্যাটফর্মে বহু লোকের মাঝে দাঁড়িয়ে দেরি করে আসা চার যাত্রী। চলন্ত ট্রেনের চালকের কাছে সেই যাত্রীদের কাতর অনুরোধ যে তিনি যেন ট্রেনটা একটু থামান আর তাঁদের উঠতে দেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১১:৫৫
train

ছবি: সংগৃহীত।

প্লেন থেকে ট্রেন, নির্ধারিত সময়ে না পৌঁছোলে তাদের ধরা যায় না। কারণ, সমুদ্রের ঢেউয়ের মতো তারাও দেরি করে আসা যাত্রীর জন্য অপেক্ষা করে না। অনেক ক্ষেত্রে আবার উল্টোটাও হয়। যাত্রী এসে দাঁড়িয়ে থাকলেও তাদের দেখা পাওয়া যায় না। এ নিয়ে বিভিন্ন জনের ভিন্ন ভিন্ন মত রয়েছে। সেই তর্কের আগুনেই ঘি ঢালল সমাজমাধ্যমের পাতায় সম্প্রতি ছড়িয়ে পড়া এক ভিডিয়ো। প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে বন্দে ভারত ট্রেন। প্ল্যাটফর্মে বহু লোকের মাঝে দাঁড়িয়ে দেরি করে আসা চার যাত্রী। চলন্ত ট্রেনের চালকের কাছে সেই যাত্রীদের কাতর অনুরোধ যে তিনি যেন ট্রেনটা একটু থামান আর তাঁদের উঠতে দেন। চালক যাত্রীদের কথা শুনলেন। ট্রেন থামিয়ে তাঁদের ট্রেনে সওয়ার হতে দিলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্ল্যাটফর্ম থেকে ছোটা শুরু করেছে বন্দে ভারত ট্রেন। সেই ট্রেনের ড্রাইভারের কেবিনের পাশে হাতজোড় করে দৌড়োচ্ছেন এক তরুণী। তাঁর সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন দুই তরুণ। তাঁদের হাতে-পিঠে ব্যাগ এবং ট্রলি। তিন জন মিলে ট্রেনচালককে ট্রেন থামানোর জন্য কাতর আর্জি জানিয়ে চলেছেন। কিন্তু চালক সে সবে কান দিতে নারাজ। তিনি গতির সঙ্গে ট্রেন ছোটাতে লাগলেন। তবে দেরি করে আসা যাত্রীরাও হার মানতে নারাজ। হাতজোড় করে দাঁড়িয়ে থাকা তরুণী এ বার ট্রেন থামানোর আর্জি জানাতে জানাতে ট্রেনের পাশাপাশি দৌড়োতে লাগলেন। তাঁর সঙ্গে যোগ দিলেন অপর এক তরুণী। সেই তরুণীও তাঁদের সঙ্গেই এসেছিলেন, এত ক্ষণ পাশে দাঁড়িয়ে ঘটনাটি পর্যবেক্ষণ করছিলেন। দুই তরুণীর পিছনে ছুটলেন জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে থাকা দুই তরুণ। ট্রেনচালকের মনে হঠাৎ করেই দয়ার উদয় হল। তিনি বাধ্য হয়ে ট্রেন থামালেন। সেই চার তরুণ-তরুণীও হাঁপ ছেড়ে বাঁচলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডেল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। দুই লক্ষেরও বেশি নেটাগরিক ভিডিয়োটি দেখে ফেলেছেন। আড়াই হাজার নেটাগরিক ভিডিয়োটিতে রিয়্যাক্ট করেছেন। নেটাগরিকদের একাংশ ঘটনাটিকে ট্রেনচালকের ভালমানুষি আখ্যা দিলেও, অনেকে এই ঘটনার বিরুদ্ধে মন্তব্য করেছেন। তাঁদের মতে, সময় মেনে স্টেশনে না পৌঁছোলে ট্রেন না ধরতে পারাই স্বাভাবিক। তবে একদল নেটাগরিক দেরি করে আসা যাত্রীদের পক্ষ নিয়ে জানিয়েছেন, সময়ে গিয়েও অনেক সময় ট্রেনের জন্য ঘণ্টার পর ঘণ্টা যাত্রীদের অপেক্ষা করতে হয়। তাই ট্রেন থামানোয় তাঁরা ভুল কিছু দেখতে পাচ্ছেন না।

Advertisement
Viral Video Vande Bharat
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy