এক হাত ট্রাকের স্টিয়ারিঙে, আর এক হাত নিষ্ঠাভরে মোবাইলের পর্দা উপর-নীচ করতে ব্যস্ত। চোখ দুটো রাস্তার পানে রাখতে চেয়েও ব্যর্থ হচ্ছেন। মোবাইল দেখা থেকে নিজেকে আটকাতে পারছেন না চালকের আসনে বসে থাকা তরুণ। ঘটল অঘটন। সোজা গিয়ে ধাক্কা মারল সামনে থাকা রোড রোলারকে। খুলে গেল সেটির সামনের চাকা। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও ভিডিয়োটি থেকে জানতে পারা যায়নি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক ট্রাকচালক মনের সুখে ট্রাক চালাতে চালাতে মোবাইল ঘাঁটছেন। তাঁর এক হাত স্টিয়ারিঙে, অপর হাত মোবাইলে ব্যস্ত। কানে গোঁজা রয়েছে ইয়ারফোন। ট্রাকচালক চেষ্টা করছেন মোবাইলে চোখ আটকে না রেখে রাস্তার পানে চেয়ে দেখতে। কিন্তু মোবাইলের নেশা তাঁকে সেই কাজ করা থেকে আটকাচ্ছে। তরুণও মোবাইল দেখার ইচ্ছার সামনে হার মেরে নিলেন। তিনি মোবাইলের পানে চেয়েই ট্রাকের স্টিয়ারিং ঘোরাতে থাকলেন। ট্রাকটির বেশ কিছুটা আগে ছিল একটি রোড রোলার। স্বভাববশত সেই গাড়িটি খুব ধীরে এগোচ্ছিল। ট্রাকটি সোজা গিয়ে ধাক্কা মারল সেই রোড রোলারের পিছনে। রোড রোলারের একদম কাছে চলে গিয়ে ট্রাকচালকের সম্বিত ফিরেছিল যদিও। তিনি জোরে ব্রেক কষে দুর্ঘটনা আটকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু বিফল হলেন। ধাক্কা লাগার পর রোড রোলারটি এঁকেবেঁকে কিছুটা এগিয়ে গেল। সেটির সামনের চাকা সঙ্গে সঙ্গে খুলে বেরিয়ে গেল। রোড রোলারের চালকের আসনে থাকা তরুণের কোনও আঘাত না লাগলেও, রোড রোলারের চাকা খুলে যাওয়ায় তিনি হকচকিয়ে যান। চালকের আসন থেকে নেমে চাকার দিকে দৌড় দেন। অন্য দিকে ট্রাকচালকের চোখে-মুখে তৎক্ষণাৎ অনুশোচনা ধরা পড়ে। তিনি মাথায় দু’হাত দিয়ে রাস্তার দিকে তাকিয়ে চালকের আসনেই বসে থাকেন। তবে ক্ষতি যা হওয়ার রোড রোলারটিরই হয়েছে, ঘটনায় কেউ আঘাত পাননি বলেই জানতে পারা গিয়েছে। ট্রাকের ড্যাশবোর্ডে লাগানো ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়েছে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
‘ডেডলি কলেশ’ নামের এক্স হ্যান্ডেল থেকে ভিডিয়োটি ভাগ করে নেওয়া হয়েছে। ভিডিয়োটি বিপুল পরিমাণে ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় সাড়ে তিন লক্ষ নেটাগরিক ভিডিয়োটি দেখে ফেলেছেন। সেটিতে লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। এক হাজারেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে রিয়্যাক্ট করেছেন। ভিডিয়োটি দেখে বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। তবে বেশ কিছু নেটাগরিক মজা পেয়েছেন ট্রাকচালকের মাথায় হাত দিয়ে বসে থাকার ভঙ্গি দেখে।