বিজেপি নেতাকে লক্ষ্য করে চলল গুলি! গঙ্গাসাগরে সকাল সকাল এই গুলিকাণ্ডে উত্তেজনা ছড়াল। অভিযোগ, বাইকে করে এসে আচমকা গুলি চালায় দুই আততায়ী।
ঘটনাটি ঘটেছে গঙ্গাসাগর কোস্টাল থানা এলাকার শ্রীধাম বাসস্ট্যান্ডের অদূরে। পুলিশ সূত্রে খবর, ত্রিলোকেশ ঢালি নামে এক বিজেপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন। অভিযোগ, সকাল ৮টা নাগাদ দুষ্কৃতীরা বাইকে করে এসে ত্রিলোকেশকে গুলি করে পালায়। গুলি লাগে ওই বিজেপি নেতার বুকে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যান তিনি। স্থানীয়দের নজরে আসতেই দ্রুত তাঁকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে ত্রিলোকেশের।
কে বা কারা গুলি চালাল, তা এখনও স্পষ্ট নয়। তবে পরিবারের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার নেপথ্যে রয়েছে। আহত বিজেপি নেতার পুত্র ত্রিদীপের অভিযোগ, সাগরে এর আগে এত দুষ্কৃতীদের দাপট ছিল না। তবে এখন এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজ শুরু হয়েছে।
আরও পড়ুন:
কেন ত্রিলোকেশকে লক্ষ্য করে গুলি চালানো হল, কারণ স্পষ্ট নয়। তবে ত্রিদীপের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর বাবার প্রার্থী হওয়ার সম্ভাবনা ছিল। বিজেপির থেকে বিধানসভা ভোটের টিকিট পেতে পারেন। সেই কারণে তৃণমূলের চক্রান্তেই ত্রিলোকেশকে খুনের চেষ্টা হয়েছে বলে দাবি তাঁর পুত্রের। তবে হামলার কারণ খতিয়ে দেখছে পুলিশ।