E-Paper

পুরসভা গড়া নিয়ে প্রচারে সুর মিলেছে শাসক-বিরোধীর

প্রশাসনের আধিকারিকদের মতে, আইনগত ভাবে কোনও এলাকাকে নিয়ে পুরসভা গঠন করতে হলে কয়েকটি শর্ত গুরুত্বপূর্ণ।

সমরেশ মণ্ডল

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ০৮:৩১
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

এবার কাকদ্বীপে ভোট প্রচারে শাসকদলের প্রতিশ্রুতি আর বিরোধীদের দাবি মিলেছে এক সুরে। দক্ষিণ ২৪ পরগনার মহকুমা শহর কাকদ্বীপকে পঞ্চায়েত থেকে পুরসভা করতে হবে। কাকদ্বীপের বিদায়ী বিধায়ক তথা এবারের তৃণমূল প্রার্থী মন্টুরাম পাখিরার প্রতিশ্রুতি, ‘‘জিতলেই প্রথম পদক্ষেপ কাকদ্বীপ পুরসভা গঠন।’’

এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা কাকদ্বীপ পুরসভা হোক। প্রশাসনের আধিকারিকদের মতে, আইনগত ভাবে কোনও এলাকাকে নিয়ে পুরসভা গঠন করতে হলে কয়েকটি শর্ত গুরুত্বপূর্ণ। জনসংখ্যা, সংযুক্ত এলাকা, অ-কৃষি পেশার আধিক্য এবং নগর পরিষেবার উপস্থিতি। এই মানদণ্ডের সঙ্গে কাকদ্বীপের বর্তমান অবস্থার তুলনা করলে দেখা যায়, জনসংখ্যা ও সংযুক্ত এলাকার শর্ত অনেকটাই পূরণ হয়েছে।

কাকদ্বীপের সিপিএম প্রার্থী নারায়ণ দাস বলেন, ‘‘এখানে জনসংখ্যা অনেক বেড়েছে। অনেক আগেই কাকদ্বীপে পুরসভা করা উচিত ছিল। কিন্তু তা হয়নি। আমাদের প্রচারে এটা তুলে ধরা হচ্ছে।’’ স্থানীয় তথ্য অনুযায়ী, প্রতাপাদিত্য নগর, স্বামী বিবেকানন্দ ও শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের সংযুক্ত অংশ নিয়ে ১৬টি বুথে প্রায় ১৭ হাজার ভোটার রয়েছে। সাধারণ অনুপাত ধরে মোট জনসংখ্যা ২৪ থেকে ২৮ হাজারের মধ্যে হতে পারে।

পরিকাঠামোর নিরিখে কাকদ্বীপ ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র। কাকদ্বীপ মহকুমা স্বীকৃতি পেয়েছে। রয়েছে মহকুমা আদালত, এসডিও ও ব্লক অফিস, সরকারি ট্রেজ়ারি, সুপার স্পেশালিটি হাসপাতাল, জেলা পুলিশের হেড কোয়ার্টারের উপস্থিতি ও একাধিক থানা, সব মিলিয়ে প্রশাসনিক গুরুত্ব যথেষ্ট বেশি। পাশাপাশি রয়েছে বড় বাজার, বাণিজ্যিক কার্যকলাপ, বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ এবং কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প। রয়েছে ডবল হেলিপ্যাড ময়দান। এই পরিষেবাগুলি সাধারণত নগর এলাকার বৈশিষ্ট্য হিসেবেই ধরা হয়।

বিজেপি প্রার্থী দীপঙ্কর জানা বলেন, ‘‘প্রতি নির্বাচনে কাকদ্বীপকে পুরসভা করার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা হয়নি। আমরা ক্ষমতায় এলে কাকদ্বীপে পুরসভা গঠনে উদ্যোগ নেবো। প্রচারে আমাদেরও এই বিষয়টি আছে।’’

স্থানীয় বাসিন্দা তথা সাহিত্যিক সৌমিত বসু বলেন, ‘‘পুরসভা হলে পরিকাঠামো আরও উন্নত হবে। বাস্তবে শহরের সমস্ত পরিকাঠামো রয়েছে, পঞ্চায়েত ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত হচ্ছে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

kakdwip TMC BJP

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy