এক ঠিকাদারকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল শাসনে। বৃহস্পতিবার রাতে বারাসতের ২ নম্বর ব্লকের শাসন বাজারে মারধর করার জেরে আহমেদ আলি (৪০) নামে ওই ঠিকাদারের মৃত্যু হয়। ঘটনা ঘিরে রাত থেকে এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে সরব হন স্থানীয়েরা। তদন্ত শুরু করে পুলিশ হাফিজুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। অভিযোগ, পাওনা টাকা ফেরত চাওয়ায় খুন হন আহমেদ আলি নামে ওই ঠিকাদার।
পুলিশ সূত্রের খবর, শাসনের খামার নওবাদ এলাকার বাসিন্দা আহমেদ বছর দেড়েক আগে হাফিজুলের বাড়ি তৈরির কাজের ঠিকাদার ছিলেন। কিন্তু, কাজ শেষ হওয়ার পরেও টাকা বকেয়া ছিল আহমেদের। অভিযোগ, তিনি বার বার বলেও টাকা পাচ্ছিলেন না। বৃহস্পতিবার রাতে ফের আহমেদ টাকার জন্য হাফিজুলের কাছে যান। অভিযোগ, টাকা দেওয়া তো দূর, উল্টে আহমেদকে লাথি-ঘুষি মারেন হাফিজুল। তার জেরে আহমেদ মাটিতে পড়ে যান। মাথায় ইটের আঘাত লেগে রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়েরা আহমেদকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। শুক্রবার হাফিজুলকে গ্রেফতার করে পুলিশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)