আবার আগ্নেয়াস্ত্র এবং বুলেটের স্তূপ উদ্ধার হল উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে। এ বার ঘটনাস্থল ন্যাজাট থানা এলাকার খড়িহাট গ্রাম। এর আগে ধৃত তৃণমূল নেতার ভাই এবং ঘনিষ্ঠদের জেরা করে যে তথ্য মেলে, তার ভিত্তিতে রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স স্থানীয় একটি পুকুরে তল্লাশি অভিযান চালায়। সেখান থেকেই এ বার প্রচুর অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করেছেন তদন্তকারীরা।
গত শনিবার সন্দেশখালির মণিপুরে শাহজাহান শেখের ‘ঘনিষ্ঠ’ এবং স্থানীয় তৃণমূল নেতা রবীন দাস এবং তাঁর ভাই গোপাল দাসের বাড়িতে হানা দিয়েছিল এসটিএএফ। পুকুর থেকে উদ্ধার হয়েছিল প্রচুর আগ্নেয়াস্ত্র এবং গুলি। গ্রেফতার হন গোপাল-সহ মোট চার জন।
ধৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ন্যাজাটের খড়িহাট গ্রামের ওই পুকুরটিতে গ্রামেরই দু’জনকে নামিয়ে তল্লাশি চালানো হয়। তাতে উদ্ধার হয় দু’টি বড় পলিথিনের প্যাকেট। সেই প্যাকেটটি খুলতেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। তার ভিতর থেকে উদ্ধার হয়েছে কয়েক হাজার বন্দুকের তাজা গুলি এবং একাধিক অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র।
আরও পড়ুন:
স্থানীয় বাসিন্দা কৃষ্ণপদ মাহাতো বলেন, ‘‘খড়িহাটের ওই পুকুরের আশপাশে দীর্ঘ দিন ধরেই কিছু সন্দেহভাজন যুবকের যাতায়াত ছিল। দু’দিন আগেও আমরা দেখেছি রাতে বাইকে চেপে এসে পুকুরের ধারে অচেনা এক জন কয়েক মিনিটের ঘুরে চলে যান।’’ এই অস্ত্রগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং এর নেপথ্যে আর কে জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।