E-Paper

বিজেপি প্রার্থীর উপরে হামলা, অভিযুক্ত তৃণমূল

বিজেপি প্রার্থীর অভিযোগ, সকাল থেকে তিনি বিভিন্ন বুথে ঘুরছিলেন। ৭৬ নম্বর বুথে এলে তৃণমূলের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন।

প্রসেনজিৎ সাহা , সৈকত ঘোষ

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ০৯:২৬
ভেঙে ফেলা হয়েছে প্রার্থী বিকাশ সর্দারের গাড়ির কাচ।

ভেঙে ফেলা হয়েছে প্রার্থী বিকাশ সর্দারের গাড়ির কাচ। নিজস্ব চিত্র ।

বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের উপরে হামলার অভিযোগ উঠল বাসন্তীতে। তাঁর নিরাপত্তা রক্ষীকে মারধর করে আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। বিকাশের গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

বুধবার বাসন্তীর ৭৬ নম্বর বুথের ঘটনা। এদিন সকাল ১১টা নাগাদ বিকাশ ওই বুথ পরিদর্শনে গেলে উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হামলার অভিযোগ মানেনি তৃণমূল।

বিজেপি প্রার্থীর অভিযোগ, সকাল থেকে তিনি বিভিন্ন বুথে ঘুরছিলেন। ৭৬ নম্বর বুথে এলে তৃণমূলের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। আচমকাই একদল যুবক তাঁর উপরে চড়াও হয়, তাঁকে উদ্ধার করে গাড়িতে তুলে দিতে গেলে নিরাপত্তারক্ষী জখম হন বলে অভিযোগ বিকাশের। কোনওমতে গাড়িতে উঠে এলাকা ছাড়েন তিনি। সে সময়ে গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। বিকাশ বলেন, “পরিকল্পিত ভাবে হামলা চালানো হয়েছে তৃণমূল নেতা রাজা গাজির নেতৃত্বে। শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছিল, কিন্তু এই বুথে অশান্তি করে ছাপ্পা ভোট করিয়ে নেওয়ার পরিকল্পনা এটা। কমিশনে অভিযোগ জানিয়েছি।”

রাজার পাল্টা বক্তব্য, “সকাল থেকে বুথে শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছিল। কিন্তু বিজেপি প্রার্থী সেখানে এসে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন। ভোটাররা প্রতিবাদ করেন। এতেই উত্তেজনা ছড়ায়। কমিশনের লোকজনের সামনেই ঘটনা ঘটেছে। তারা তদন্ত করে দেখুক।”

ঘটনার পরে কমিশনের তরফ থেকে বিষয়টি নিয়ে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়। বিকাশের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর বেশ কয়েকজন জওয়ানকে তাঁর গাড়ির সামনে থাকার নির্দেশ দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যে রাজা গাজির বাড়িতে তল্লাশি চালায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। দু’জনকে আটক করা হয়।

এই ঘটনার পরে নতুন করে উত্তেজনা ছড়ায় ৭৬ নম্বর বুথের সামনে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উদ্দেশ্যে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। ভোটের লাইনে উপস্থিত জনতাও পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও কমিশনের আধিকারিকদের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন ধৃতদের ছেড়ে দেওয়ার দাবিতে।

রাজা বলেন, “পরিকল্পনা করে আমাকে গ্রেফতার করানোর ছক ছিল বিজেপির। তাই এই নোংরা খেলা খেলেছে। দম থাকলে আমাকে গ্রেফতার করে দেখাক!”

অন্য দিকে, রায়দিঘি বিধানসভার মাদারপাড়া এলাকার ৯৪ নম্বর বুথে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ পেয়ে সেখানে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী পলাশ রানা। তাঁর গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। পরে আন্ধারমানিক এলাকার একটি বুথে যাওয়ার সময়েও পলাশকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান ওঠে। তাঁর গাড়ির উপরে হামলার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি। যদিও তৃণমূল সব অভিযোগ অস্বীকার করেছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

basanti BJP TMC

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy