বেআইনি নির্মাণকে কেন্দ্র করে গন্ডগোল। সেখানে প্রতিবাদী এক বৃদ্ধকে মারধর করে খুনের অভিযোগ উঠল এলাকারই কাউন্সিলরের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার উত্তর ব্যারাকপুরের ২৩ নম্বর ওয়ার্ডের ঘটনা। রবিবার অশীতিপর তুলসী অধিকারীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত জনপ্রতিনিধি রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। ইতিমধ্যে তাঁকে ৬ বছরের জন্য দল থেকে নিলম্বিত (সাসপেন্ড) করেছে তৃণমূল।
স্থানীয় সূত্রে খবর, উত্তর ব্যারাকপুরের ২৩ নম্বর ওয়ার্ডে মণিরামপুরে একটি ‘বেআইনি’ নির্মাণের কাজ চলছিল। এ নিয়ে স্থানীয় কয়েক জন রুখে দাঁড়ান। শনিবার অশান্তি চরম আকার নেয়। সেখানে উপস্থিত হন স্থানীয় কাউন্সিলর রবীন্দ্রনাথ। তিনি ওই প্রতিবাদী যুবক হেমন্ত অধিকারীকে মারধর করেন বলে অভিযোগ। তাঁদের বাড়ির পাশেই ওই নির্মাণকাজ চলছিল। ছেলেকে মারধরের হাত থেকে বাঁচাতে যান ৮১ বছরের তুলসী। পরিবারের অভিযোগ, তাঁকে তখন লাথি মারেন স্থানীয় কাউন্সিলর রবীন্দ্রনাথ। অসুস্থ এবং জখম অশীতিপর তুলসী জ্ঞান হারান।
বৃদ্ধকে উদ্ধার করে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার এই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন ওই কাউন্সিলর এবং দলও। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংহ অভিযোগ করেন, অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে পুলিশ। ঘটনাক্রমে রবিবার রবীন্দ্রনাথের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। তদন্তে নেমে ওই কাউন্সিলরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
বিকেলে অভিযুক্ত এবং ধৃত কাউন্সিলরকে দল থেকে সাসপেন্ড করেছে তৃণমূল। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এই ঘটনার নিন্দা করেছেন। তিনি বলেন, ‘‘স্থানীয় কাউন্সিলর কেন ব্যক্তিগত ভাবে জড়িয়ে পড়লেন বুঝতে পারছি না। দল (তৃণমূল) রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সাসপেন্ড করল।’’ তিনি আরও বলেন, ‘‘প্রশাসন প্রশাসনের মতো ব্যবস্থা গ্রহণ করবে। আইন আইনের পথে চলবে।’’
আরও পড়ুন:
মৃতের পরিবারের অভিযোগ, কাউন্সিলরের মারে রাস্তায় সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন তুলসী। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকাবাসীদের একপ্রস্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বয়ানও রেকর্ড করা চলছে বলে খবর। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ দিন ধরে তুলসী ওই কাউন্সিলরের কাছেই অভিযোগ করছিলেন যে, এক প্রতিবেশী বেআইনি ভাবে বাড়ি তৈরি করছেন। কিন্তু নেতাদের মদতেই ওই নির্মাণ গড়ে উঠছিল। ওই নিয়ে গন্ডগোলের সূত্রপাত।